নাটোরের গুরুদাসপুরে খুচরা ব্যবসায়ীদের সার ও কমিশন না দেওয়ার প্রতিবাদে বিসিআইসি ডিলারদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন খুচরা সার ডিলাররা। গতকাল সোমবার দুপুর ১টায় পৌর সদরের চাঁচকৈড় বাজারের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা খুচরা সার ডিলার কমিটির সভাপতি শরিফুল ইসলাম। পরে বক্তব্য রাখেন সায়েম সরদার, আতিকুল ইসলাম, ফেরদৌস আলম, আরব আলী, হাফিজুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের খুচরা সার ডিলাররা উপস্থিত ছিলেন।
খুচরা সার ব্যবসায়ীরা বলেন, তারা সরকারি পরিপত্র অনুযায়ী নিয়মনীতি অনুসরণ করে খুচরা সার ব্যবসায়ী হিসেবে জামানত সাপেক্ষে সরকারিভাবে নিয়োগ পেয়েছেন। নীতিমালা অনুসারেই দীর্ঘ সময় তারা সরকার নিযুক্ত ডিলারদের মাধ্যমে প্রাপ্ত সারের ৫০ শতাংশ ও নির্ধারিত কমিশন পেয়ে আসছিলেন। কিন্তু গত আগস্ট মাস থেকে বিসিআইসি সার ডিলাররা খুচরা ব্যবসায়ীদের সার সরবরাহ বন্ধ রেখেছেন। বেশি মুনাফা লাভের আসায় ডিলাররা সিন্ডিকেট করছে। এ কারণেই খুচরা ব্যবসায়ীরা সার ও কমিশন পাচ্ছেন না। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও সুবিচার না পাওয়ার দাবি ওই ব্যবসায়ীদের।
এ ব্যাপারে উপজেলার বিসিআইসি সার ডিলার কমিটির সভাপতি আবদুস সোবাহান মোবাইল ফোনে বলেন, ‘খুচরা সার ডিলার ব্যবসায়ীরা যেসব অভিযোগ করছেন তা মিথ্যা। চলতি মাসেও খুচরা অনেক ব্যবসায়ী ইউরিয়া সার উত্তোলন করেছেন। বাকি যারা সার উত্তোলন করতে চায় তাদের অবশ্যই আমরা দেব। উদ্দেশ্যমূলকভাবে তারা আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করে যাচ্ছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীজ সার মনিটরিং কর্মকর্তা সালমা আক্তার বলেন, ‘বিষয়টি লিখিতভাবে জানালে তদন্ত সাপেক্ষে সার না দেওয়া ডিলারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
