শ্রীপুর

সমাজসেবা অফিসের সহকারী ৯ লাখ টাকা নিয়ে উধাও

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৮:১৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে সমাজসেবা অফিসের দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ৯ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন অফিস সহকারী। কর্মকর্তাদের স্বাক্ষর করা দুটি চেকের পাতা দিয়ে এসব টাকা তোলা হয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে ওই অফিস সহকারী পালিয়ে আছেন। এ ঘটনায় সমাজসেবার দায়িত্বরত এক কর্মকর্তা থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন।

অভিযুক্ত অফিস সহকারীর নাম আল মামুন। তিনি দীর্ঘদিন ধরেই সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী হিসেবে নিযুক্ত। তার কাছেই অফিসে যাবতীয় চাবি সংরক্ষিত থাকত। রাতে তিনি অফিসেই ঘুমাতেন। গত ১৬ ও ১৭ (অক্টোবর) দুটি সই করা চেকের মাধ্যমে ৮ লাখ ৭৬ হাজার টাকা তুলে নেন আল মামুন।  

অফিসসূত্র জানিয়েছে, সোনালী ব্যাংক শ্রীপুর শাখা থেকে অফিস সহকারী আল মামুন ৮ লাখ ৭৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। ফোন বন্ধ রাখার পাশাপাশি অফিসে নিয়মিত হাজির না হওয়ায় তার বিরুদ্ধে সন্দেহ ঘনিভূত হয়। তবে শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফারহা আক্তারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেনি। 

গাজীপুর জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এসএম আনোয়ারুল করিম বলেন, বিষয়টি শুনেছি। বিস্তারিত জানি না।

শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, দুপুরে সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ বলেন, ঘটনাটি আমাকে জানানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত