রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও মাদক বিক্রির ১২ লক্ষাধিক নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারকৃতের নাম সোহেল (৩২)।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত আড়াইটার দিকে হাজারীবাগ থানার সিটি কলোনি (গণকটুলি) রাম মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
হাজারীবাগ থানা সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগের সিটি কলোনির রাম মন্দিরের পাশে যৌথ অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। তখন ঘটনাস্থল থেকে সোহেলকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। পরে তার ঘরে তল্লাশি করে খাটের নিচ থেকে ৬টি প্যাকেটে মোট ৯ কেজি গাঁজা ও নগদ ১২ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহেলসহ পলাতকদের বিরুদ্ধে ডিএমপির হাজারীবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
