সচিবালয়ে নাশকতার অভিযোগ

মুচলেকায় ছাড়া ২৮ ২৬ ‘ছাত্রলীগকর্মী’ কারাগারে

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৫:২৪ এএম

সচিবালয়ের ভেতরে ঢুকে নাশকতার অভিযোগে ২৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এ আদেশ দেয়। সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করা, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া, পুলিশকে হত্যার চেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। এ ছাড়া ২৮ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

এর আগে গতকাল মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আর আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। পরে আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার জামিন শুনানির জন্য দিন ধার্য করে আদালত।

কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলেন মো. জহিরুল ইসলাম (২০), মো. ফয়সাল হাসান (২১), মো. রায়হান হোসেন (২১), মো. রুবেল আহম্মেদ (১৮), মো. রিয়াদ মাহমুদ (২১), মো. মেজবাউল রহমান মিল্লাদ (১৮), মো. মেহেদী হাসান (১৮), মো. সোয়ান (২১), মো. ইমরান হোসেন আরমান (১৮), মো. মেহেদী হাসান অন্তর (১৯), মো. সাগর (১৮), মো. রোহান (১৮), মো. শাহারিয়ার হোসেন সোয়াদ, মো. আহাদ মোল্লা (২২), মো. সোহান (১৮), মো. মাসনুন (১৮), মো. নাঈম (১৮), মো. ইমাম হাসান (১৮), মো. শাকিল (১৮), মো. সেলিম (১৮), মো. সাকলাইন মুস্তাক (১৮), মো. হানজালাল (২২), মো. মশিউর রহমান (১৮), মো. প্রান্তিক (১৮), মো. তাছিম রহমান (১৮) ও মো. রবিন মিয়া (১৮)।

গত বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে বৈষম্যের অভিযোগে সচিবালয়ের ভেতরে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন কিছু শিক্ষার্থী। ওইদিন বেলা পৌনে ৩টার দিকে তারা ভেতরে বিক্ষোভ শুরু করেন। ৬০-৭০ জন শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করেন। এইচএসসিতে ফল বৈষম্য করা হয়েছে অভিযোগ করে নতুন করে মূল্যায়নের দাবি জানান তারা। তাৎক্ষণিকভাবে সচিবালয়ের সব ফটক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে ৫৪ জনকে আটক করে। সচিবালয়ে উপস্থিত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর সহায়তায় আটককৃতদের দুটি প্রিজন ভ্যানে তোলেন। তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। গতকাল সকালে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন এসআই রায়হান উদ্দিন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগরে উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বুধবার বিকেলে গ্রেপ্তারকৃতরাসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জন উচ্ছৃঙ্খল যুবক জোরপূর্বক সচিবালয়ে প্রবেশ করে। তারা সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় জোরপূর্বক প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালায়। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কাজে বাধার সৃষ্টি করে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সচিবালয়ে নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল থেকে ৫৪ জনকে আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৮ জনকে মুচলেকা গ্রহণপূর্বক তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। বেআইনি সমাবেশের মাধ্যমে, বেআইনি জনতা দলবদ্ধ হয়ে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে দাঙ্গা সৃষ্টিকরত সরকারি কাজে বাধা প্রদানসহ আঘাতকরত সরকারি স্থাপনা ভাঙচুর করে ক্ষতিসাধন এবং ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে গ্রেপ্তারকৃত ২৬ জনসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত ২৬ জনকে বিকেলে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. একরামুল হক এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত