কুমিল্লার হোমনায় পূর্ব শত্রুতার জের ধরে জমি দখলের পাঁয়তারায় তাজুল ইসলাম তারু মোল্লা নামের এক কৃষকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মনিপুর মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। জমি দখলের বিষয়ে কিছুদিন আগে হোমনা থানায় ভুক্তভোগী কৃষক তারু মোল্লা তিনজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, অনেক বছর ধরে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রাম এলাকার প্রতিবেশী খোরশেদ আলমের সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল তাজুল ইসলাম তারু মোল্লার। জায়গাটি দখলের সুবিধার্থে শুক্রবার জুমার নামাজের আগে মোল্লা বাড়ির লাকড়ির ঘরে আগুন লাগিয়ে দেন খোরশেদ আলম। আগুনে পুড়ে লাকড়ি ও ঘরসহ প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়। কিছুদিন পর পর কৃষকের পরিবারকে মারার হুমকি দিত খোরশেদ আলম ও তার মেয়ে হাজেরা, সালমা। এখন পুরো পরিবার প্রতিপক্ষের হামলার ভয়ে আতঙ্কে জীবনযাপন করছে বলে জানিয়েছে।
কৃষক তাজুল ইসলাম তারু মোল্লা অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন ধরে বসতঘর সীমানা থেকে সরিয়ে না নিলে আগুন লাগানোর হুমকি দিয়ে আসছিলে খোরশেদ আলম ও তার মেয়ে হাজেরা এবং সালমা। প্রশাসনের কাছে আমরা এসব ঘটনার বিচার চাই।
কৃষক তারু মিয়ার মেয়ে সাহিদা আক্তার বলেন, আমাদের কোনো ভাই বা ঘরে পুরুষ মানুষ না থাকার সুযোগে তারা এভাবে অত্যাচার চালাচ্ছে। জমি দখলের পাঁয়তারা করে যাচ্ছে। তারা যে কোনো সময় আমাদের মেরে ফেলতে পারে।
অভিযোগের বিষয়ে জানতে খোরশেদ আলমকে ফোন করলেও সাড়া পাওয়া যায়নি। খোরশেদ আলমের মেয়ে সালমা বলেন, জমি নিয়ে বিরোধ এটা সত্য। আগুন আমরা লাগাইনি। ছোট একটা ছেলে আগুন লাগাইছে। আমরা তাদের কেন মারতে বা হত্যা করতে যাব, আমরা তো আইনের বাইরে যেতে পারি না।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, এ ঘটনায় আগে একটি অভিযোগ হয়েছে। আগুনের বিষয়টিসহ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রলীগ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ
ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রিন্স