বিএনপির বিক্ষোভ ঘিরে ১৪৪ ধারা জারি

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১২:২২ এএম

শেরপুরের নালিতাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামিদের নিয়ে মাসিক সমন্বয় সভা করার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রবিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে নালিতাবাড়ী উপজেলা বিএনপি। আইনশৃঙ্খলার অবনতি ঘটার শঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় শেরপুরে ছাত্র হত্যা এবং ঢাকায় নালিতাবাড়ীর গার্মেন্টকর্মী হত্যা মামলার আসামি চার ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সহসভাপতি নুরুল আমীন জানান, হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারপরও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এসব কারণে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।

এ বিষয়ে ইউএনও মাসুদ রানা জানান, ‘সমন্বয় সভায় যারা উপস্থিত ছিলেন তারা এ কমিটির সদস্য। তারা আসামি কি না আমার জানা ছিল না। তারা যদি আসামি হয়ে থাকেন, তবে ব্যবস্থা নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত