ডিওএইচএসে খুন সাবেক উইং কমান্ডারের স্ত্রী

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০২:৩৩ এএম

রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি ফ্ল্যাট থেকে বিমানবাহিনীর সাবেক এক উইং কমান্ডারের স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া বাড্ডা এলাকা থেকে আরও এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যেই এ দুটি ঘটনা ঘটল। এর মধ্যে গত রবিবার বিকেলে ডিওএইচএস অ্যাভিনিউর একটি বাড়ির তৃতীয়তলার নিজ ফ্ল্যাট থেকে ফারহা দিবার (৬০) লাশ উদ্ধার করে পুলিশ। দুপুরে মেয়ে বাসায় এসে মায়ের লাশ দেখে পুলিশে খবর দেন।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ফারহাকে শ্বাসরোধে হত্যা করেছে তাদের গাড়িচালক সবুজ বিশ^াস ও বাড়ির কেয়ারটেকার মো. মিলন। পরে তারা বাসা থেকে ১৬ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

মিরপুর ডিওএইচএসে নিহত ফারহা দিবার স্বামী কাজী আবদুল মতিন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার। এক ছেলে, এক মেয়ে ও স্বামী নিয়ে ওই বাসায় বসবাস করতেন ফারহা। ঘটনার সময়ে বাসায় তিনি ছাড়া অন্য সদস্যরা ছিলেন না।

এদিকে গতকাল সোমবার সকালে বাড্ডার পূর্বাঞ্চল এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে আমেনা আক্তার (৩২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে তার স্বামী মিস্ত্রির কাজ করেন। বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম জানান,  সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, রবিবার রাতে সবাই দোকান বন্ধ করে চলে যাওয়ার পর সোয়া ৮টার দিকে আমেনাকে নিয়ে তার স্বামী মো. মিন্টু ভেতরে প্রবেশ করেন। মিন্টু পালিয়ে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত