রাজধানীর রামপুরায় চাঁদা আদায়ের প্রতিবাদ করায় এক লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম হাসান হাওলাদার (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরেক লেগুনা চালক নুরে আলম (২৩)। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
আহত নূরে আলম জানান, তারা রামপুরার বনশ্রী থেকে খিলগাঁওয়ের মাদারটেক রুটে লেগুনা চালান। কয়েক দিন ধরে বেশ কয়েকজন লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে ইমনসহ কয়েকজন চাঁদাবাজ রামপুরা সেতুর পাশে বনশ্রী প্রবেশের মুখে লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করলে বাধা দেন তারা। এ সময় চাঁদাবাজরা হাসানকে ছুরি দিয়ে আঘাত করে। বাধা দিলে তাকেও (নূরে আলম) ছুরিকাঘাতে করে পালিয়ে যায় চাঁদাবাজরা।
নিহত হাসানের বোন তানিয়া আক্তার জানান, তাদের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ার মাটিভাঙা গ্রামে। বর্তমানে রামপুরার কুঞ্জবন এলাকায় থাকেন। হাসান নিজের লেগুনা চালাতেন।
এদিকে দেশের বিভিন্ন জায়গায় আরও চারজনকে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সকালে পৌর শহরের হাছননগর এলাকার বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)।
আর গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়িতে গৃহবধূ স্মৃতি রাণী পালকে (২৪) দুর্বৃত্তরা কুপিয়ে, ঢাকার সাভারে মো. আরশাদুজ্জামান (৪৫) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে ছিনতাইকারীরা এবং লক্ষ্মীপুরের কমলনগরে মো. জুয়েল (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিবেশী।
সুনামগঞ্জে নিহত ফরিদা বেগম জেলার শান্তিগঞ্জ উপজেলার মৃত জাহিদুল মিয়ার স্ত্রী। তারা সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় জমি কিনে বাড়ি করে সেখানে বসবাস করে আসছিলেন।
জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বাড়িতে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন যায় ফরিদা ও তার ছেলে মিনহাজ। সকালে বাসার গৃহকর্মী এসে দেখেন বাড়ির সামনের ফটক খোলা। ভেতরে গিয়ে তিনি মাটিতে মা ও ছেলের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তখন প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশের পাশাপাশি এ ঘটনা তদন্ত করেছে পিবিআই ও সিআইডির টিম। সুনামগঞ্জ সদর থানার ওসি নাজমুল হক বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আমাদের সঙ্গে ফরেনসিক আলামত উদ্ধার করেছে সিআইডি।’
শ্রীপুরে বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা : গাজীপুরের শ্রীপুরে নিহত গৃহবধূ স্মৃতি রাণী পাল হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা ও এক জোড়া জুতা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী ও এক স্বজনকে পুলিশ আটক করেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বরমী ইউনিয়নের বরমী বাজারের কামারপট্টি এলাকার মৃত গোপাল মিস্ত্রির বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত স্মৃতি রাণী ময়মনসিংহের গৌরিপুর উপজেলার দৌলতপুর গ্রামের সুনীল পালের মেয়ে। স্মৃতির স্বামীর নাম কাব্য সরকার।
সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বাজার বাসস্ট্যান্ড এলাকার নিউ মার্কেট শপিং মলের সামনে থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত আরশাদুজ্জামান (৪৫) রংপুরের তারাগঞ্জ থানার মধ্য হারিয়াকুঠি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, আরশাদুজ্জামান ভোরে ঢাকাগামী একটি দূরপাল্লার বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার পথ আটকায়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের : লক্ষ্মীপুরের কমলনগরে পুকুর ব্যবহারে নিষেধ করাকে কেন্দ্র করে প্রতিবেশী আবদুল কাদের মাঝির ছুরিকাঘাতে মো. জুয়েল নামে এক যুবক খুন হয়েছেন। তিনি ওই এলাকার সরদার বাড়ির নুরুল ইসলামের ছেলে। গতকাল দুপুরে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাশেম মেম্বারের গোজ এলাকার একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে।
নিহত মো. জুয়েল মসলা কিনতে স্থানীয় একটি মুদি দোকানে যান। এ সময় আবদুল কাদের মাঝি (৪৫) তাকে ছুরিকাঘাত করেন। লোকজন আহত জুয়েলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি।
