গণ-অভ্যুত্থানে আহত সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের বেতন এবং টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আহত শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ এ বিষয়ে আবেদন করবেন। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবিলম্বে আবেদনগুলো যাচাই করে শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করবেন।
আহত শিক্ষার্থীর শিক্ষাজীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ও টিউশন ফি মওকুফের এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
