আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের নিজ শিক্ষাঙ্গনে ফিরে যেতে অনুরোধ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানান। এদিকে শিক্ষা উপদেষ্টার বিবৃতিতে হতাশা প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা আগামী রবিবার বেলা ১১টায় আবারও সায়েন্স ল্যাব মোড়ে শান্তিপূর্ণ ব্লকেড এবং অনশন কর্মসূচি ঘোষণা করেছে।
বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা এবং বিভিন্ন শিক্ষক সংগঠন নানা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় পাওয়া শিক্ষা খাতে শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে।
ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের দাবি বিবেচনার জন্য সরকার এরই মধ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। কমিটি সাত সপ্তাহের মধ্যে প্রতিবেদন তৈরি করবে। তিনি বলেন, সমস্যাটির শুরু হয়েছে কয়েক বছর আগে ঢাকার সাতটি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার একটি অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের মাধ্যমে। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের উভয় পক্ষেরই সমস্যা তৈরি হয়েছে। ওই সাত কলেজের শিক্ষার্থীদের নানা অসুবিধা ও বৈষম্যের শিকার হতে হয়েছে। সমস্যাগুলো জটিল এবং এগুলোর সুষ্ঠু সমাধান কী হতে পারে তা বিবেচনায় ন্যূনতম কিছু সময়ের প্রয়োজন।
শিক্ষা উপদেষ্টা বলেন, এরই মধ্যে একটি কলেজের শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানকে এককভাবে বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে রাস্তায় আন্দোলন করেছেন। শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনাও হয়েছে। দেশের সমস্যা সংকুল শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি একজন শিক্ষক হিসেবে অবশ্যই ব্যক্তিগতভাবে আমার সার্বিক সহানুভূতি আছে। এ ক্ষেত্রে মনে রাখতে হবে রাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, আন্দোলন ও আলটিমেটামের মাধ্যমে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার কোনো নজির কোথাও নেই।
এদিকে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলন ঘিরে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের বক্তব্যে শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেছেন। একই সঙ্গে আগামী রবিবার ফের ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন। গতকাল বুধবার বিকেল ৫টায় সায়েন্স ল্যাব মোড়ে আট ঘণ্টার অবরোধ শেষে নতুন এই কর্মসূচি ঘোষণা করে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিম।
প্ল্যাটফর্মটির ফোকাল পার্সন আবদুর রহমান বলেন, শিক্ষা উপদেষ্টার একটি বিবৃতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই বিবৃতিতে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন কিংবা কমিশনে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার কথা উল্লেখ করা হয়নি। বিবৃতিটি সাত কলেজের শিক্ষার্থীদের হতাশ করেছে। তাই, অনতিবিলম্বে শিক্ষাবিদ, শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করার দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামী রবিবার বেলা ১১টায় আবারও সায়েন্স ল্যাব মোড়ে শান্তিপূর্ণ ব্লকেড এবং অনশন কর্মসূচি পালিত হবে। শনিবার পর্যন্ত অনলাইনে প্রচারণাসহ প্রতিটি কলেজের বিভাগভিত্তিক অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হবে।
