মধ্যরাতে নিজ ঘরে গুলি করে নারীকে হত্যা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৫৫ পিএম

কক্সবাজারের মহেশখালীতে মধ্যরাতে বসত ঘরে হানা দিয়ে গুলি করে স্বামী পরিত্যক্ত ফরিদা ইয়াসিন সৈয়দা (৩০) নামের এক প্রতিবন্ধী নারীকে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার পর উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ির ফকিরারঘোনা এলাকা এ ঘটনা ঘটে।

নিহত নারী একই এলাকার মৃত ছৈয়দ আহমেদের মেয়ে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম প্রকাশ রাইফেল ফরিদের ছোট বোন।

কারা কী কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ কিংবা এলাকাবাসী কেউ কিছু জানাতে পারিনি। তবে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক ওসমান বিন শরীফের অনুসারী হিসেবে পরিচিত আত্নস্বীকৃত জলদস্যূ রশিদ মিয়া ও তার দলবল এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

নিহতের বড় ভাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেকের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে আমার বাবার মাছের প্রজেক্ট দখল করে ভোগ করছে জলদস্যূ রশিদ বাহিনী। মনে করেছিলাম ক্ষমতা পরিবর্তনের পর তারেক ও তার স্বজনরা এলাকা ছাড়া হওয়ায় স্বাভাবিকভাবে আমরা আমাদের প্রজেক্ট ফিরে পাব। কিন্তু তা হয়নি উল্টো পাহাড়ে লুকিয়ে থাকা রশিদ বাহিনী আমাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছিল। বিষয়টি আমি নৌ বাহিনীকে অবহিত করি। কিন্তু তবুও আমার শেষ রক্ষা হলো না। বুধবার দিবাগত রাতে রশিদ বাহিনী আমাকে হত্যা করতে আমার বাড়িতে হানা দেয়।  তবে তারা আমাকে না পেয়ে আমার প্রতিবন্ধী বোনকে  গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

এ বিষয়ে তারেক চেয়ারম্যানের বড় ভাই এড.নোমান শরীফ বলেন, ৫ আগস্টের দিন আমাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে আমার পরিবার ও আত্নীয়স্বজন ঘর  ও এলাকা ছাড়া । জীবনের ঝুঁকি নিয়ে কোন কারণে একজন প্রতিবন্ধী নারীকে মারতে যাব। এটি আমাদের মামালায় জড়ানোর ষড়যন্ত্র। 

মহেশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, মধ্যরাতে অজ্ঞাত দূর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ওই নারীকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি বলেন, স্বামী পরিত্যক্ত ওই নারীকে কারা কী কারণে গুলি করে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।  এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত