নির্বাচন কমিশন সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রয়োজন নেই। তবে সুস্পষ্ট মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংস্কার কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বদিউল আলম বলেন, ‘আমাদের কাজ উল্লেখযোগ্যভাবে অগ্রসর হচ্ছে। এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা ১২টি বৈঠক করেছি। নির্বাচনের বিভিন্ন আইনকানুন আমরা পর্যালোচনা করছি। এই সংস্কারের জন্য আমরা বিভিন্ন অংশীজনের কাছ থেকে মতামত নেব।’
তিনি বলেন, ‘সুন্দর নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব আমাদের নয়। নির্বাচনব্যবস্থা বা নির্বাচন কার্যক্রম সুন্দরভাবে করার জন্য আমাদের কাজ হলো কিছু সুপারিশ করা। আগামী ৩১ ডিসেম্বর মধ্যেই আমাদেরকে সুপারিশ দেওয়ার সময় দেওয়া হয়েছে। আমরা এর মধ্যেই সুপারিশ করব।’
আপনারা সার্চ কমিটির সংস্কারের প্রস্তাব দিতে চেয়েছিলেন কিন্তু তার আগেই সরকার প্রজ্ঞাপন দিয়ে দিয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ‘বর্তমানে নির্বাচন কমিশন প্রয়োজন, আর নির্বাচন কমিশন গঠন করার জন্য সরকার এই সিদ্ধান্ত নিতেই পারে। সার্চ কমিটি তার নিজস্ব গতিতে কাজ করবে এবং আমরা আমাদের মতো কাজ করব। আমরা যে প্রস্তাবগুলো দেব সেই প্রস্তাবগুলো কিছু বাস্তবায়ন করবে সরকার এবং কিছু করবে নির্বাচন কমিশন। তাই সার্চ কমিটির সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই।
বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ, জেসমিন টুলী, ড. মো. আবদুল আলীম, ডা. জাহেদ উর রহমান, মীর নাদিয়া নিভিন, মোহাম্মদ সাদেক ফেরদৌস, সদস্য ও ছাত্র প্রতিনিধি সাদিকাল আরমান, ইসির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন, ইসির উপসচিব মো. আতিয়ার রহমান প্রমুখ।
