চিরকুট লিখে চবিতে নারী শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তাজরিয়ান আহমেদ সোয়ারা নামে একজন নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।  

শুক্রবার (১ নভেম্বর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে একটি ফ্লাট বাসায় এমন ঘটনা ঘটে। 

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন তাকে উদ্ধার করে। এসময় তাকে নিজ কক্ষের সিলিংফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এসময় তার মরদেহের সাথে একটা চিরকুট পাওয়া যায়। চিরকুটে তিনি লিখেন, "I am sorry, i failed as a human." তবে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এর আগে, গতমাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্ট থেকে তিনি তার পরিবার সম্পর্কে বেশকিছু বিষয় উল্লেখ করে স্টাটাস দেন। সেখানে তার পারিবারিক কলহের বিষয়টি উদ্বেগের সঙ্গে তুলে ধরেন। তবে তার ফেসবুক একাউন্ট বর্তমানে বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন সহপাঠীরা।

নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন। তিনি বলেন, খোঁজ পেয়ে আমরা ফ্লাটে এসে দেখি মেয়েটি সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির তদারকিতে তাকে থানায় পাঠানো হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বাবা মায়ের মধ্যে সম্পর্কের ফাটলের কারনে মেয়েটি আত্নহত্যা করেছে।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আমরা এক ছাত্রীর লাশ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি। সে চিরকুট লিখে আত্মহত্যা করেছে। পারিবারিক সমস্যার কারনে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত