ছাত্র আন্দোলনে লাবলু মিয়া হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে লাবলু মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগ কর্মী মো. হারেজ উদ্দিন (৪২) ও উত্তরা ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহিয়ানুল হক অর্চিকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোড থেকে হারেজ উদ্দিনকে এবং রাত সাড়ে তিনটায় উত্তরার ৪ নম্বর রোড থেকে মাহিয়ানুল হক অর্চিকে গ্রেপ্তার করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, ভিকটিম লাবলু মিয়া হত্যার ঘটনায় গত ২২ আগস্ট উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, ৫ আগস্ট উত্তরার বিভিন্ন সড়কসহ ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণী এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতা অবস্থান করছিল। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর অতর্কিত আক্রমণ ও গুলি করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম লাবলু মিয়া মাথায় গুলিবিদ্ধ হন। তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে লাবলু মিয়া হত্যায় জড়িত হারেজ উদ্দিন ও মাহিয়ানুল হক অর্চিকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। লাবলু মিয়া হত্যা মামলায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত