সরকারি টাকায় ফ্রি হজ্ব যাত্রা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক কর্মকর্তারা বিগত সময়ে সরকারি টাকায় বিনামূল্যে হজ্বযাত্রা করেছেন। এবার থেকে তা বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রবিবার (৩ নভেম্বর) সকালে সাভারের খাগান এলাকায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ২ দিনব্যাপী সুন্নাহ সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা এসময় আরও বলেন, দেশের সকল নাগরিকদের যার যার ধর্ম পালনে নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। এজন্য বিভেদ কমিয়ে পারস্পরিক সম্প্রতির আবহ তৈরির মাধ্যমে সবাই মিলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া ধর্ম নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
বাংলাদেশের অন্যান্য ধর্মালম্বীদের নিয়ে ট্রাম্পের বক্তব্য বিব্রতকর উল্লেখ করে উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশে যারা হিন্দু কমিউনিটি আছেন, সনাতন ধর্মের এবং অন্যান্য ধর্মের অনুসারীরা আছেন তারা অত্যন্ত নিরাপদে আছেন। তাদের ধর্ম অনুশীলন বা ধর্ম চর্চার ক্ষেত্রে কোন বাঁধা নাই। তাদের রাজনৈতিক-সামাজিক অধিকার নিশ্চিত করা হয়েছে এবং তারা সাম্প্রতিক সময়ে দুর্গাপূজা এবং জন্মাষ্টমী অত্যন্ত নিরাপত্তার সাথে পালন করেছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়েছে। তবে উনারা কিছু দাবি করেছেন, যে দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনাধীন আছে। মিস্টার ট্রাম্প যেটা বলেছেন সেটা হয়তো তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বলেছেন, হয়তো কিছু ভোট কালেকশনের জন্য এ কথা বলেছেন। আমরা তার এ কথার সাথে ঐক্যমত পোষণ করি না।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত দুই দিনব্যাপী এই সুন্নাহ সম্মেলনে কুরআন ও হাদীসের পারস্পরিক সম্পর্ক, সুন্নাহর প্রামানিকতার বিভিন্ন দিক, কুরআন হতে সুন্নাহর প্রামানিকতা, শরীয়তের উৎস হিসেবে সুন্নাহ বিশ্লেষণ পর্যালোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সুন্নাহ সম্মেলনের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মনজুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিলিস্তিনের ডেপুটি হেড অব মিশন জিয়াদ হামাদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লূৎফর রহমান ও উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার।
সম্মেলনে সারাদেশ থেকে দুই শতাধিক নিবদ্ধিত অংশগ্রহণকারী বিভিন্ন সেশনে অংশগ্রহণ করেন।
মানিকগঞ্জে ঘরে ঢুকে দেশ রূপান্তরের সাংবাদিককে হত্যাচেষ্টা
ইহুদি ও মুসলিমদের পক্ষে টানতে কমলার দ্বিমুখী প্রচারণা