শর্ট-ম্যাগার্ককে আগ্রাসী ব্যাটিংয়ের লাইসেন্স

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:৪৫ এএম

পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিং গত এক বছর ধরে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সাফল্যে রেখেছে বড় ভূমিকা। এই সংস্করণের সবশেষ বিশ্বকাপ থেকে প্রথম ১০ ওভারে তাদের চেয়ে দ্রুত রান তুলতে পারেনি কোনো দল। শুরুর এমন ব্যাটিং পাকিস্তান সিরিজেও দেখতে চান প্যাট কামিন্স। ম্যাথু শর্ট ও জেইক ফ্রেজার-ম্যাকগার্কের নতুন উদ্বোধনী জুটিকে তাই বিধ্বংসী শুরুর সবুজ সংকেত দিয়ে রাখলেন অস্ট্রেলিয়া অধিনায়ক।

মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ওয়ানডের সিরিজ শুরু সোমবার। আগের দিন প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করে স্বাগতিকরা। সেখানেই উদ্বোধনী জুটিকে নতুন বলে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পথে হাঁটার তাগিদ দিয়ে রাখলেন কামিন্স।

গত বছর ফাইনালে স্বাগতিক ভারতকে উড়িয়ে দিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। আসর জুড়ে আগ্রাসী ব্যাটিংয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। তখন থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে প্রথম ১০ ওভারে অস্ট্রেলিয়ার ১১৪.৫ স্ট্রাইক রেটের চেয়ে বেশি গতিতে রান তুলতে পারেনি আর কোনো দল। বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অভিজ্ঞ ওয়ার্নার অবসর নিলেও শুরুতে দলকে দ্রুত রান এনে দেওয়ার কাজটি করে যাচ্ছেন হেড। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় পাকিস্তান সিরিজে বাঁহাতি বিস্ফোরক ব্যাটসম্যানকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।

ওয়ার্নারের বিদায়ের পর টেস্টের মতো ওয়ানডেতেও নতুন উদ্বোধনী জুটি খুঁজছে অস্ট্রেলিয়া। আসছে ম্যাচের একাদশে সুযোগ পাওয়া শর্ট ও ফ্রেজার-ম্যাগার্ক জুটি হবে ছয় ওয়ানডেতে তাদের ষষ্ঠ ভিন্ন উদ্বোধনী জুটি। তাদের আগ্রাসী ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে বললেন কামিন্স। ‘(আগ্রাসী ব্যাটিং) চালিয়ে যাও। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে দুজনকেই বোলিং করা বেশ ভয়ংকর কাজ...তাদের কাছে আমার চাওয়া, এই সুযোগকে যেন ভালোভাবে কাজে লাগায় তারা।’

২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর এই সংস্করণে প্রথম মাঠে নামতে যাচ্ছেন কামিন্স। পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। তৃতীয় ম্যাচের জন্য পার্থে দলের সঙ্গে যাবেন নাকি লাল বলের প্রস্তুতিতে মনোযোগ দেবেন, সেই সিদ্ধান্ত পরে নেবেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচ দিয়েই ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মোহাম্মদ রিজওয়ানের। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তান দলে নেতৃত্বসহ কোচিং প্যানেলেও বেশ কিছু পরিবর্তন এসেছে। বাবর আজম অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর দায়িত্ব পেয়েছেন রিজওয়ান, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বেও তার দক্ষতা প্রমাণ করতে চাইবেন।

মেলবোর্নের বাউন্সি পিচের কথা মাথায় রেখে পাকিস্তান চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইনের সমন্বয়ে পেস আক্রমণ সাজানো হয়েছে, যেখানে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। তবে বোলিংয়ে ভিন্নতা আনতে সালমান আলি আগা এবং কামরান গুলামের স্পিন ব্যবহার করবে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত