লেবাননে যুদ্ধবিরতি নিয়ে যে ইঙ্গিত দিল ইসরায়েল

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১০:৪৮ এএম

লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষের অবসান ঘটাতে আগামী ১০-১৪ দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারে ইসরায়েল। দেশটির চ্যানেল টুয়েলভকে ইসরায়েলের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে টাইমস অব ইসরায়েল।

জানা গেছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তির একটি খসড়া চূড়ান্ত করেছে। এই চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘রেজ্যুলিউশন ১৭০১’ পূর্ণ বাস্তবায়ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিষয়ে ইসরায়েল এবং মার্কিন কর্মকর্তারা মনে করছেন, অব্যাহত হামলার মুখে হিজবুল্লাহ বর্তমানে হামাসের সঙ্গে নিজেদের যোগাযোগ ও সমর্থন করতে বিচ্ছিন্ন পর্যায়ে। যেহেতু গত দুই মাসে লেবানন ভিত্তিক গোষ্ঠীটি কিছু বহুমুখী হামলার সম্মুখীন হয়েছে। এর মধ্যে তাদের নেতা হাসান নাসরুল্লাহ এবং সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনসহ অসংখ্য কমান্ডারের মৃত্যু হয়েছে। 

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (ওসিএইচএ), বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান উদ্ধৃত করে জানিয়েছে, সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলায় ৩৬ স্বাস্থ্যসেবা কেন্দ্র আক্রান্ত হয়েছে। এসব হামলায় ১৭ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবরের মধ্যে কর্তব্যরত অবস্থায় ৮৫ জন স্বাস্থ্যকর্মী নিহত এবং ৫১ জন আহত হয়েছেন।

ওসিএইচএ আরও জানিয়েছে, ২০০৬ সালে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধের চেয়ে লেবাননের বর্তমান মানবিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে।  

লেবানন কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনে নিহতের সংখ্যা কমপক্ষে ৩ হাজার।  আর আহত হয়েছে আরও ১৪ হাজারের কাছাকাছি। বিশ্ব সম্প্রদায় অনতিবিলম্বে লেবাননে যুদ্ধবিরতি দেখতে চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত