মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশ ও সাংবাদিক পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার লুটে নেওয়ার ঘটনায় ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় লুন্ঠিত ৭ লাখ টাকা উদ্ধার ও প্রেস লেখা সম্বলিত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত সদস্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত টাকা-স্বর্ণালংকার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশের টিম।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।
গ্রেপ্তারকৃতরা হলেন- রনি (৪৮), সিরাজুল ইসলাম জাবেদ (৪২), শামীম. (৪২), সায়মন (৩২), মমিন (৪২), সুজন (৩০) ও সমির হোসেন (৪২)। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, ঘটনা সংঘটিত হওয়ার ১২ দিনের মাথায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে রোববার ডিবি পুলিশের অভিযান মুন্সীগঞ্জ ও ঢাকা থেকে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ৭ লাখ টাকা ও ঘটনায় ব্যবহৃত প্রেস লেখা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গত ২৩ অক্টোবর রামপ্রসাদ হালদার নামের এক স্বর্ণব্যবসায়ী ঢাকা থেকে যাত্রীবোঝাই বাসে করে নবাবগঞ্জ বান্দুরা গ্রামের নিজ বাড়ি ফিরছিলেন। পথে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মরিচা এলাকার ঢাকা-দোহার সড়কে পুলিশ পরিচয়ে একদল ডাকাত ওই বাসে উঠে পড়ে। এ সময় বাস থেকে স্বর্ণ ব্যবসায়ীকে নামিয়ে ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ ঘটনায় ওই দিন সিরাজদীখান থানায় মামলা দায়ের করেন স্বর্ণ ব্যবসায়ী রামপ্রসাদ হালদার।
গোয়ালন্দে শিয়ালের কামড়ে আহত ৯, আতঙ্কে এলাকাবাসী