সাবেক অতিরিক্ত সচিবের বাড়িতে মিলল কোটি টাকা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০২:০৪ এএম

রাজধানীর উত্তরা থেকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের বাড়ি থেকে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া ১০ লাখ টাকা সমমানের বিভিন্ন বৈদেশিক মুদ্রা, ৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোনও উদ্ধার করা হয়।

গত রবিবার রাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে উত্তরার দিয়াবাড়ী আর্মি ক্যাম্প ও উত্তরা পশ্চিম থানা-পুলিশ অংশ নেয়।

দিয়াবাড়ী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাফি সালাউদ্দিন বলেন, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় তল্লাশি চালানো হয়। সে সময় নগদ কোটির বেশি টাকা, আইফোন ও বিভিন্ন ব্র্যান্ডের দামি ঘড়ি জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরা পশ্চিম থানা- পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাঈদ বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।

সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেনের বাড়ি গাজীপুর সদরে। তিনি ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত