নির্বাচিত সরকারই সবচেয়ে শ্রেষ্ঠ সরকার : ফখরুল

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:২৫ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত সরকারই সবচেয়ে শ্রেষ্ঠ সরকার। কারণ, এ সরকার জনগণের সমর্থন নিয়ে আসে এবং জনগণের জন্য কাজ করে। অন্তর্বর্তী সরকার সংস্কারকাজ দ্রুত শেষ করে নির্বাচনের আয়োজন করবে বলে প্রত্যাশা করি।’

গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহিলা দল আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের কথা কেন বারবার বলি। নির্বাচন হচ্ছে একটি দরজা। যে দরজার মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের পথে নিয়ে যায়।’

বিএনপির নেতাকর্মীদের ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা সবাই সজাগ-সতর্ক থাকবেন। দলকে আরও দৃঢ় করেন। বিপদ শেষ হয়ে যায়নি। নতুন করে বিপদ আসতে পারে। গণতন্ত্রকে আঘাত করার, নষ্ট করার চক্রান্ত আবার চলছে।’ তিনি বলেন, ‘৭ নভেম্বরের বিদ্রোহ-বিপ্লব জাতিকে নতুন করে জাতিসত্তাকে চিনতে শিখিয়েছিল, নতুন করে দেশকে নির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছিল। বিপ্লবের নায়ক ছিলেন সিপাহি ও সাধারণ জনগণ। তারা জিয়াউর রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। তিনি দায়িত্ব না নিলে দেশের ইতিহাস কী হতো বলা যায় না। জিয়াউর রহমানের নেতৃত্ব পুরো বিভক্ত জাতিকে তখন ঐক্যবদ্ধ করেছিল। মানুষ নতুন আশার আলো, নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল।’

তিনি আরও বলেন, ‘এই দেশ ও জাতির ওপরে নির্মমভাবে তারা (আওয়ামী লীগ) অত্যাচার করেছে। রাজনৈতিক কাঠামোকে ও অর্থনীতিকে ধ্বংস করেছে। ব্যাংক লুট হয়েছে। প্রতিটি জায়গায় দুর্নীতি বেড়েছে। সেই ভয়াবহ অবস্থা থেকে ছাত্র-জনতার দৃঢ়তায় অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পরাজিত করতে সক্ষম হয়েছি।’

মির্জা ফখরুল বলেন, ‘সবাই মিলে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছি। তাদের এ আশায়ই দিয়েছি যে তারা শিগগিরই যে সংস্কারগুলো করা দরকার অর্থাৎ হাসিনা যেগুলো ধ্বংস করে দিয়ে গেছে, যে জঞ্জাল তৈরি করে দিয়ে গেছে, সেগুলো সংস্কার করে দ্রুত নির্বাচন দেবেন। সামনে আরও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে পার হতে হবে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির বলেন, ‘১৭ বছর ধরে এই প্রজন্মকে, আমাদের সন্তাদের ভুল ইতিহাস শেখানো হয়েছে। এ সময়ে স্কুল-কলেজে যারা পড়েছে, তারা ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের ইতিহাস জানে না। আমাদের দায়িত্ব নিয়ে বর্তমান প্রজন্মকে সেই ইতিহাস শেখাতে হবে।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এ সময় মহিলা দলের সুলতানা আহমেদ, ইয়াসমিন আরা হক, নাজমুন নাহার বেবি, নেওয়াজ হালিমা আরলি, হেলেন জেরিন খানসহ রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকার মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত