মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাড়া বাসা থেকে সালেহা বেগম (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের ডা. শফিকুল ইসলামের ভবনের দ্বিতীয় তলার বেলকুনী থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সালেহা বেগম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজড়াহাটি গ্রামের জামাদুল ইসলামের প্রথম স্ত্রী।
নিহতের মেয়ে আঁখি আক্তার বলেন, ‘গত প্রায় তিন বছর আগে আমি এবং আমার স্বামী আকরাম কাজের সন্ধানে গজারিয়া উপজেলায় চলে আসি। আমরা তেতৈতলা গ্রামে মৃত আরব আলী মাস্টারের ছেলে ডা. শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সামুদা কেমিকেল ইন্ডাস্ট্রিতে কাজ করতাম। এখানে আসার কিছুদিন পর খবর পেলাম আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। এরপর থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের পরিবারের ঝামেলা হতে থাকে এবং আমার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।’
তিনি বলেন, ‘গত প্রায় দুই বছর আগে আমি আমার মা এবং দুই ভাইকে আমাদের এখানে নিয়ে আসি। মা বাসায় থাকত, আর দুই ভাই স্থানীয় আনোয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে কাজ করত। গতকাল রাতে আমার দুই ভাই হাসান এবং বিজয় রাতে কাজে ছিল। বাসায় আমি, আমার স্বামী এবং মা ছিলাম। আজ সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা স্ট্যান্ডের সঙ্গে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আশেপাশের লোক এবং পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।’
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখব।’
শাহজালাল বিমানবন্দরে প্লেনের দরজা ভেঙে পড়ল
মাদক কারবারে বাধা, যুবদলকর্মীর নেতৃত্বে ২০ বাড়ি ভাঙচুর