শ্রম উপদেষ্টা বললেন

মার্চের আগেই বিদ্যমান শ্রম আইন সংশোধন হবে

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৭:১৫ এএম

দেশে বিদ্যমান শ্রম আইন আগামী মার্চের আগেই সংশোধন করা হবে বলে জানিয়েছেন যুব, ক্রীড়া ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না।’ গতকাল রবিবার সচিবালয়ে ‘বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা’বিষয়ক সমন্বয় সভার পর সংবাদ সম্মেলন করে উপদেষ্টা এসব কথা বলেন।

বিদ্যমান শ্রম আইনে মাতৃত্বকালীন ছুটি নিয়ে জটিলতার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘নারীশ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হবে। সব কারখানায় থাকতে হবে ডে কেয়ার সেন্টার।’

শ্রম উপদেষ্টা বলেন, ‘শ্রমিকদের যারা বেতন দিচ্ছে না, সেসব মালিককে ধরে এনে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকে রাখা হচ্ছে। যাতে বিদেশ পালিয়ে না যায়। অনেক কারখানা বারবার কমিটমেন্ট দিয়েও তা পূরণ করেনি।’ তিনি বলেন, ‘আগের মতো শ্রমিক মেরে সমস্যার সমাধান নয়, বেতন পরিশোধের জন্য মালিকদের সহযোগিতা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক সমাধান একটি জটিল বিষয়।’

উপদেষ্টা আরও বলেন, শ্রমিকদের বকেয়া পরিশোধ একটা জটিল বিষয়। ব্যাংক ও মালিকপক্ষ আছে এখানে। মালিক বললেন, পাঁচ কোটি টাকা তিনি ব্যাংক থেকে পাচ্ছেন না। পরে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ২০০ কোটি টাকার ঋণখেলাপি।

তিনি খুব নাজেহাল অবস্থায় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উল্লেখ করে বলেন, ‘আমরা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে গেছি। ১৮ দফা নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ যৌথভাবে চুক্তি স্বাক্ষর করেছে।’ তিনি বলেন, ‘আগের মতো উদ্বোধন করে ছবি তুলে আমরা দায়সারা কাজ করব না। শ্রমিকরা যাতে সব সুযোগ-সুবিধা ঠিকমতো পান, সেটা প্রতিনিয়ত মনিটরিংয়ে রেখেছি।’

আগের সরকারগুলোও শ্রম অসন্তোষের পেছনে ষড়যন্ত্র খুঁজত, বর্তমান সরকারও খুঁজছে। ষড়যন্ত্রতত্ত্ব থেকে মুক্তি মিলবে কবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আওয়ামী লীগের যে অফিশিয়াল পেজ আছে, দেশের বাইরে বসে পোস্ট করে; সেখানে কিন্তু শ্রমিকদের উসকে দেওয়ার মতো কিছু পোস্ট গতকাল আপনাদের দেখার কথা। আমার চোখে পড়েছে। ষড়যন্ত্র তো ঘোষণা দিয়েই হচ্ছে, ভাই। সেটা তো সোশ্যাল মিডিয়ার সবাই দেখছে। এগুলো কাউন্টার করার ক্ষেত্রে আপনাদের (সাংবাদিক) একটা ভূমিকা থাকা উচিত। আমরা কাজ করছি।’

উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের আহ্বানে শ্রমিকরা মাঠে নামেননি। কারণ, বড় অংশের কাছে মনঃপূত হয়নি (কনভিন্সড না)। হলে আওয়ামী লীগের আহ্বানে শ্রমিকরা আজ (রবিবার) মিছিল নিয়ে ঢাকার দিকে আসতেন। কেউ তো আসেননি।’

অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিতে অধ্যাদেশ জারি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এ সরকারের বৈধতা হলো গণ-অভ্যুত্থান। গত তিন মাস আমাদের কার্যক্রমের অগ্রগতি আপনারা দেখেছেন। সংস্কার কমিশনগুলোর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা নিয়মিত বসছেন।’

ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্যই সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সংস্কার কার্যক্রম শেষ করার রূপরেখা ইতিমধ্যে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আশা করি, নতুন বাংলাদেশ গড়ার যে কথা আমরা মুখে বলছি, তার বাস্তবায়ন সম্ভব হবে।’

বৈঠক শেষে জানানো হয়, বিজিএমইএর সদস্যভুক্ত ২ হাজার ১৪০টি কারখানার মধ্যে ২ হাজার ১২৩টি সেপ্টেম্বর পর্যন্ত নিম্নতম মজুরি দিয়েছে। ১৭টিতে তা এখনো প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত