মূল্যস্ফীতি কমাতে আরও ৮ মাস চান গভর্নর

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৮:১২ এএম

দেশের মূল্যস্ফীতি কমাতে আরও আট মাস সময় চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না। আমরা কি শ্রীলঙ্কা হয়ে গেছি, না। আমাদের গ্রোথ কমেনি। যেকোনো পলিসি ইমপ্লিমেন্ট করলেও মূল্যস্ফীতি এক বছরের আগে কোনো দেশেই কমে না। চার মাস পার করছি, আমাকে আরও আট মাস সময় দিতে হবে।’ গতকাল সোমবার দৈনিক পত্রিকা বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ‘বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও আইআরডি সচিব মো. আবদুর রহমান খান, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরি, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রমুখ।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘বাংলাদেশ ব্যাংক গত তিন মাসে কোনো টাকা ছাপায়নি। আমরা টাকা না ছাপিয়েই তারল্যসংকট সমাধান করছি। কোনো কোম্পানিতে রিসিভার নিয়োগের মানে হলো নিয়ন্ত্রণে আনা, বন্ধ করা নয়। ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বন্ধ করা হয়নি।’ তিনি বলেন, ‘বিভিন্ন গ্রুপে রিসিভার নিয়োগ হয়েছে গ্রুপগুলো সচল রাখার জন্য। বেক্সিমকো কয়েক মাস ধরে তাদের শ্রমিকদের মজুরি দিতে পারছিল না। সরকার অর্থ দিয়ে তাদের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করছে। এখন গ্রুপটিতে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে, যাতে গ্রুপটি (বেক্সিমকো) সচল করা যায়। আপনারা গণমাধ্যমে দেখেছেন বেক্সিমকোয় রিসিভার নিয়োগ করা হয়েছে। কোনো বিজনেস প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি। বেক্সিমকো রিসিভার দেওয়া মানে বন্ধ নয়, বরং এটা সচল করা হচ্ছে। একই সঙ্গে বেক্সিমকোর রপ্তানির টাকা যেন বেহাত না হয়। দেশের টাকা যেন দেশেই ফিরে আসে দেখতে হবে।’

বিগত সময়ে ব্যাংক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, ‘এটা দ্রুত সমাধান হবে না। আমাদের ব্যাংক খাতে নাজুক অবস্থা তৈরি করা হয়েছিল। দ্রুত সংস্কার বা সমাধান চাইলে আমাকে চাকরি ছেড়ে দিতে হবে। কারণ এক ব্যাংকের ২৭ হাজার কোটি টাকার এসেট থেকে একটি পরিবারই নিয়ে গেছে ২৩ হাজার কোটি টাকা। আমার হাতে ম্যাজিক নেই। কয়েকটি ব্যাংক গ্রাহকদের টাকা দিতে পারছে না। কিন্তু তাদের নগদ সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। তবে গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে কোনো নগদ সহায়তা দেওয়া হয়নি। কারণ ম্যাক্রো ইকোনমি স্ট্যাবল রাখতে হবে। এটা স্ট্যাবল না হলে কোনো বিনিয়োগ হবে না। এজন্য ব্যবসায়ীদের ধৈর্য ধরতে হবে। আমাদের উদ্দেশ্য, যারা ব্যাংকের টাকা মেরেছে, তারা যেন ব্যাংকের সঙ্গে থেকে টাকা ফেরত দেয়। বাইরে যে টাকা চলে গেছে, সেসব কীভাবে আইনগত প্রক্রিয়ায় ফেরত আনা যায়, সেই চেষ্টা চলছে।’

গভর্নর বলেন, ‘বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না। আমরা কি শ্রীলঙ্কা হয়ে গেছি, না। আমাদের গ্রোথ কমেনি। যেকোনো পলিসি ইমপ্লিমেন্ট করলেও মূল্যস্ফীতি এক বছরের আগে কোনো দেশেই কমে না। চার মাস পার করছি, আমাকে আরও আট মাস সময় দিতে হবে। আমরা শুধু মুদ্রানীতির ওপর নির্ভর করছি না। সব প্রয়োজনীয় পণ্য এলসি খোলা, শুল্ক শিথিল করা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ শর্টেজ এখন নেই। আমি মনে করি, সাপ্লাই সাইডে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট নিয়ে আসতে চাচ্ছি। ব্যাংক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর পাকিস্তানের থেকেও দুর্বল। এটা ঠিক হতে দু-তিন বছর সময় লাগবে।’ তিনি বলেন, ‘আমরা চাই না কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বা শিল্প বন্ধ হয়ে যাক। কারণ সেখানে অনেক মানুষের কর্মসংস্থান রয়েছে। আবার কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের হিসাবও জব্দ করা হয়নি, হবেও না। ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানকে তৃণমূলপর্যায়ে নিয়ে যেতে হবে। ঢাকায় টোটাল ব্যাংকিংয়ের ৫৯ শতাংশ, চট্টগ্রামে ১৭ শতাংশ, বাকিটা অন্য জায়গা। আমরা এটাকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই। আমাদের এজেন্ট ব্যাংক বড় কাজ করছে, এমএফএস সেবা দ্রুত ছড়িয়ে পড়ছে।’

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ছাত্র-জনতা আমাদের কিছু দায়িত্ব দিয়েছে। সেটুকু আমরা যথাসম্ভব পালন করার চেষ্টা করছি। আমাদের কারও কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই। এজেন্ডা হচ্ছে দেশের স্বার্থ, যা কিছু করা হচ্ছে, তা দেশের স্বার্থেই করা হচ্ছে। আর আমরা যা করছি, সেটি ভবিষ্যতে যেকোনো সরকার এলেও তারা চালিয়ে নিয়ে যেতে পারবেন।’

উপদেষ্টা বলেন, ‘আমরা কাজগুলো তিনটি ধাপে ভাগ করেছি। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কাজ। আমরা হয়তো মধ্যমেয়াদি কাজ শুরু করতে পারব। কিন্তু দীর্ঘমেয়াদি কাজগুলো পরবর্তী রাজনৈতিক সরকারে যারা আসবেন, তারা করবেন। তবে আমরা কিছু কিছু দীর্ঘমেয়াদি কাজও করার চেষ্টা করব। দেশের অর্থনীতির ভালোর জন্য যে গবেষণাগুলো হয়েছে, সেগুলো যেন আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রয়োগ করতে পারি, সেই চেষ্টা করা হচ্ছে। ব্যাংকিং, রেভিনিউসহ বিভিন্ন রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কথা বলা হচ্ছে। সেজন্য আমাদের সিদ্ধান্তগুলো খুব দ্রুত নেওয়া হচ্ছে।’

গরিব মানুষজন সুযোগের বৈষম্যের শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গ্রামের অনেক মানুষই জানেন না সরকারি সুযোগগুলো কোথায় পাওয়া যাবে। তারা সুযোগের বৈষম্যের শিকার হচ্ছেন।’

উপদেষ্টা বলেন, ‘যোগ্য পরিচালকের অভাবে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান অনেক দুর্বল হয়ে গেছে। আবার তারা প্রফেশনাল জায়গাগুলোয় নন-প্রফেশনাল কন্সিডারেশনও হয়েছে। এ ছাড়া আমাদের সিস্টেমগুলোও কাক্সিক্ষত মাত্রায় অটোমেশন হয়নি। স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বলা হলেও বাস্তবে এতটা নয়। সেজন্য এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে হবে।’

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, ‘আমাকে যখন উপদেষ্টা হওয়ার জন্য আহ্বান করা হয়, তখন আমি অনেকের সঙ্গে পরামর্শ করেছি। কেউ পক্ষে ছিলেন না। কারণ আমার নিজেরই অনেক বড় প্রতিষ্ঠান আছে। যেখানে প্রায় ১৬-১৭ হাজার শ্রমিক কাজ করেন। কিন্তু আমার শুধু মনে হয়েছে একটা পরিবর্তনের জন্য হাজার হাজার প্রাণ চলে গেছে। আমরা যদি না এগিয়ে আসি, তবে কে আসবে। এখন আমরা পরিবর্তনের দায়িত্ব নিয়েছি।’

পরিবর্তন করতে না পারলে আরও পাঁচ হাজার মানুষ মারা যাবে উল্লেখ করে বশির উদ্দিন বলেন, ‘আমি আমার প্রতিষ্ঠানের সঙ্গে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করে এখানে এসেছি। আমি এখানে আসার আগে আমার প্রতিষ্ঠানে একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আমি অনুরোধ করব, আমরা মানুষের জন্য সম্পৃক্ত হই।’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও আইআরডি সচিব মো. আবদুর রহমান খান বলেছেন, ‘দেশে আমদানির তথ্যে স্বর্ণের পরিমাণ কম। পরিসংখ্যানে দেখা যায়, খুব সামান্য পরিমাণ স্বর্ণ আমদানি হচ্ছে অথচ জুয়েলারিতে স্বর্ণে ভরপুর। সেখানে টন টন স্বর্ণ রয়েছে। এ বিষয়ে জাতি যদি আমাদের প্রশ্ন করে, তাহলে উত্তর দিতে পারব না। আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেটিকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেই চেষ্টা করছি। সত্য ও ন্যায়ের সঙ্গে যেন দেশকে গড়তে পারি, সে বিষয়ে আমরা সবাই কাজ করছি। পলিসি তৈরিতে এনবিআর জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়। এ কারণে গত তিন মাসে নিত্যপণ্যের কর ও শুল্কে অনেক ছাড় দেওয়া হয়েছে। কোনো পলিসির কারণে এনবিআরের স্বার্থ (রাজস্ব সংগ্রহ) ক্ষুন্ন হলেও রাষ্ট্রীয় স্বার্থকেই আমরা প্রাধান্য দিই। তবে দেশের মানুষের মধ্যে এখনো মিথ্যা হলফনামা তৈরির প্রবণতা রয়েছে। এটি দূর করতে হবে। এটি অর্থনীতির জন্য ক্ষতিকর।’ তিনি বলেন, ‘জমি কেনাবেচার ক্ষেত্রে মিথ্যা হলফনামা দিতে হয়। সত্যিকার লেনদেনের রেকর্ড আসে না। এটা জাতীয় লজ্জা। আমরা চাই সত্যিকার লেনদেনের ফিগারই রেকর্ড থাকুক, রেকর্ড হোক। আবার দেখি আমদানির তথ্যে স্বর্ণের পরিমাণ কম। আবার জুয়েলারি স্বর্ণে ভরপুর। টন টন স্বর্ণ জুয়েলারিতে থাকে, যেখানে সত্য তথ্যটা আসা দরকার। জাতি এ বিষয়ে প্রশ্ন করলে আমার কাছে কোনো উত্তর নেই। বৈষম্যমূলক সব আইনের সংস্কার করব। খাতির করে কর অব্যাহতি পাওয়া আমরা চাই না।’

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘দেশে বেসরকারি খাতে সংকুচিত মুদ্রানীতি নেওয়া হয়, কিন্তু সরকারি খাতে খরচের সময় সম্প্রসারিত নীতি চলেছে। এই বৈষম্যের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। এ সংকুচিত মুদ্রানীতি বেসরকারি খাতকে গলা টিপে ধরছে। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। আমাদের সমাজে অনেক বৈষম্য, যা কমাতে সম্পদ সৃষ্টি করতে হবে। কিন্তু যারা বা যে ব্যবসায়ীরা দেশের সম্পদ সৃষ্টি করে, সেটা বিলি বণ্টনের ক্ষমতা তাদের নেই। এগুলো ঠিক করতে আমাদের সামাজিক মূলধন দরকার। আইনের সঠিক প্রয়োগ দরকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত