সামাজিক মাধ্যমের ভূমিকা নিয়ে ভয়

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১২:৪৮ এএম

জার্মানির ঐতিহ্যবাহী দলগুলোর নেতারা স্পষ্টতই ডানপন্থি দলগুলোর উত্থান নিয়ে উদ্বিগ্ন। জার্মানির উগ্র ডানপন্থি দল অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড (এএফডি) সম্প্রতি টুরিঙ্গিয়া এবং স্যাক্সনির রাজ্য নির্বাচনে ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছে। দলটি টিকটকের মাধ্যমে প্রথমবার ভোটার হওয়াদের আকৃষ্ট করতে পেরেছিল, যা তাদের নির্বাচনে বেশ বড় প্রভাব রেখেছে। তাই আগামী ২৩ ফেব্রুয়ারি দেশটির আগাম নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ার পর থেকেই দলীয় প্রচারে সামাজিক মাধ্যমের ভূমিকা কেমন হতে পারে তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

অস্ট্রিয়ার ইন্সব্রুক বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট নিয়ন্ত্রণ ও মিডিয়া আইন বিশেষজ্ঞ ম্যাথিয়াস কেটম্যান বলেন, জনমত তৈরি ও গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সামাজিক মাধ্যম কী ধরনের ভূমিকা রাখবে তা নির্ধারণ করা অসম্ভব। তবে, স্পষ্টত আরও বেশিসংখ্যক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন এবং তাদের মধ্যে মেরূকরণের একটি সাধারণ প্রবণতাও রয়েছে।

তিনি ডয়েচে ভেলেকে বলেন, ডানপন্থি ও বামপন্থি দলগুলো সামাজিক মাধ্যমে অনেক ভালো কাজ করে, কারণ, তাদের কাছে বলার জন্য সহজ গল্প থাকে, যা এসব মাধ্যমের অ্যালগরিদমের সঙ্গে মিলে যাওয়ার প্রবণতাও বাড়ায়।

পর্যবেক্ষকরা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও সামাজিক মাধ্যম এক্স-এর সিইও ইলন মাস্কের ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কেও সতর্ক রয়েছেন। বিশেষত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্পের সবচেয়ে বড় সহযোগী ছিলেন ইলন মাস্ক। ৬ নভেম্বর জার্মানির ক্ষমতাসীন জোট সরকারের পতনের পর ইলন মাস্ক বারবার জার্মানির মধ্য-বাম নেতাদের ‘বোকা’ বলে সম্বোধন করেছেন। জার্মানিতে আসন্ন ফেডারেল নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কেটম্যান বলেছেন, বিদেশি স্টেকহোল্ডাররা মিথ্যা তথ্য ব্যবহার করে, যেমন বট ফার্ম, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো বার্তা প্রেরণের অ্যাপগুলো ব্যবহার করে প্রচারণায় প্রভাব ফেলতে পারে। জার্মানির উগ্র ডানপন্থি এএফডি ও বিএসডাব্লিউ রাশিয়াপন্থি রক্ষণশীল, অভিবাসনবিরোধী, জলবায়ু সুরক্ষাবিরোধী প্রচারণা চালিয়ে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তিনি বলেন, উদাহরণস্বরূপ আমরা জানি যে রাশিয়া জার্মানির কিছু রাজনৈতিক দলকে অন্যদের চেয়ে বেশি পছন্দ করে। তারা জার্মান সমাজের মধ্যে মেরূকরণের প্রবণতাকে আরও বাড়িয়ে তুলতে চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত