কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। এই নভেম্বরে চলমান ফিফা উইন্ডোতে ব্রাজিল ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলে ড্র করেছে। ভিনিসিয়ুস পেনাল্টি মিস না করলে ফলাফল ভিন্ন হতে পারতো।
দলের সাম্প্রতিক পারফরম্যান্সে মোটেও খুশি নয় সমর্থকরা। বিষয়টি ভালোভাবেই বুঝতে পারছেন ব্রাজিল ডিফেন্ডার মার্কিনহোস। তাই উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে সমর্থকদের প্রতি মার্কিনহোস বললেন, 'জাতীয় দলকে সমর্থন ছেড়ে না দেওয়ার অনুরোধ করছি। আমাদের ছেড়ে যাবেন না।'
সালভাদরের ফন্তে নোভা স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সকাল ৬ টা ৪৫ মিনিটে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। টেবিলে দ্বিতীয় দলটির বিপক্ষে এই ম্যাচ দিয়েই বছর শেষ করবে ব্রাজিল।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের হাতে আরও সাতটি ম্যাচ আছে। অর্থাৎ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিয়ে এ মুহূর্তে ব্রাজিলের দুশ্চিন্তা নেই, কিন্তু আরও হারে বিপদ ঘনিয়ে আসতে পারে। ২০২৬ বিশ্বকাপে মূল পর্বে কনমেবল অঞ্চল থেকে সরাসরি সুযোগ পাবে শীর্ষে থাকা ছয় দল। সপ্তম দল সুযোগ পাবে প্লে-অফ খেলার।
মার্কিনহোস বলেন, 'শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি সবাই এখানে (জাতীয় দল) গর্ব, বিশ্বাস ও মর্যাদা নিয়েই আসে। (জাতীয় দলে) আমরা এমনভাবে সময়গুলো কাটাচ্ছি, যেন এটা আমাদের জীবনের শেষ ভাগ। অনেক সময় প্রত্যাশিত ফল আসে না। এটা কঠিন। ওঠানামার মধ্য দিয়ে যেতে হয়। তবে অনেক কারণেই লোকে জাতীয় দলের ওপর থেকে আস্থা হারায়। আমার অনুরোধ হলো, জাতীয় দলের প্রতি প্যাশন হারাবেন না।'
গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের কাছে হেরেছে ব্রাজিল। কোপা আমেরিকাতেও উরুগুয়ের সঙ্গে টাইব্রেকারে হেরে কোয়ার্টার থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল।
আর্জেন্টিনার 'শ্রেষ্ঠত্ব' হুমকির মুখে
প্রেসিডেন্ট হলে গার্দিওলাকে ব্রাজিলের কোচ করতে চান রোনালদো