সিলেটের কানাইঘাট উপজেলায় ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতাকে হত্যা করা হয়েছে। নিহত আবদুল মুমিন (২৮) কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি কানাইঘাট পৌরসভার ধনপুরের তাজ উদ্দিনের ছেলে।
সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। মুমিনের বন্ধু রাজু আহমদ তাকে খুন করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাজু আহমদও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। রাজু কানাইঘাটের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুমিন একটি খাদ্যপণ্যের কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন, আর রাজুর একটি মোবাইল ফোনের দোকান রয়েছে। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু কিছুদিন আগে দুইজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কানাইঘাট পৌর পয়েন্ট এলাকায় দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজু ছুরি দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে রাজু দৌড়ে পালিয়ে যায়। মুমিনকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। হত্যায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মৃত্যুর আগে হামলাকারীদের নাম বলে গেলেন যুবক