দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। ২১-২৫ বছর বয়সী এই নারী ঢাকা দক্ষিণ সিটির একটি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর এই সংখ্যা গত ২৫ দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে সমসংখ্যক রোগী মারা গিয়েছিল গত ২৫ অক্টোবর।
এ নিয়ে এ মাসের গত ১৯ দিনে ডেঙ্গুতে মারা গেল ১০৭ জন ও এ বছর মোট মারা গেল ৪২২ জন। মোট মৃত্যুর ২০৯ জন পুরুষ ও ২১৩ জন নারী। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণে ১৮৫ জনের। এরপর ঢাকা উত্তর সিটিতে ৭০, বরিশাল বিভাগে ৪৭, চট্টগ্রাম বিভাগে ৪৫, ঢাকা বিভাগে ৩৩, খুলনা বিভাগে ২১, ময়মনসিংহ বিভাগে ১৩, রাজশাহী বিভাগে পাঁচ, রংপুর বিভাগে দুই ও চট্টগ্রাম সিটি করপোরেশনে একজন মারা গেছে।
গতকাল মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর এই তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১ হাজার ৫২ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭০১ জন পুরুষ ও ৩৫১ জন নারী।
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটিতে ২৪২ জন। এরপর ঢাকা বিভাগে ১৭১, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫১, খুলনা বিভাগে ১৪০, চট্টগ্রাম বিভাগে ১৩৭, বরিশাল বিভাগে ৮৫, রাজশাহী বিভাগে ৭৪, ময়মনসিংহ বিভাগে ৩৫, রংপুর বিভাগে ১২ ও সিলেট বিভাগে পাঁচজন ভর্তি হয়েছে।
এ নিয়ে এ মাসের গত ১৯ দিনে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৩০৩ জন ও বছরে মোট রোগী ৮২ হাজার ১২০ জন। এ বছর মোট রোগীর ৬৩ শতাংশ পুরুষ ও ৩৭ শতাংশ নারী।
দেশে ডেঙ্গুর প্রথম প্রাদুর্ভাব দেখা দেয় ২০০০ সালে।
