জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শহিদ মিয়া (৪৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিনিয়র জেলা জজ আদালতের বিচারক মো.শহিদুল ইসলাম এ রায় দেন।

অভিযুক্ত শহিদ মিয়া মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌর শহরের দিলালেরপাড়া এলাকার মৃত দস্তর মন্ডলের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫ টার দিকে উপজেলার দিলালেরপাড়া এলাকায় ৭ বছর বয়সী শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন প্রতিবেশী শহিদ মিয়া। এ ঘটনায় পরের দিন মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ৮ বছর আইনি লড়াই ও ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত। এ ঘটনায় আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। 

এ দিকে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে আসামির বড় মেয়ে শাহানা জানান, মিথ্যা মামলায় আমার বাবাকে ফাঁসানো হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে আপিল করব। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি মো.রেজাউল আমীন (শামীম) জানান, ধর্ষণের দায়ে শহিদ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আমরা এ রায়ে সন্তুষ্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত