সাবেক ভারপ্রাপ্ত মেয়রের ফাঁসির দাবিতে মিছিল-সমাবেশ, কুশপুত্তলিকা দাহ

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

বিতর্কিত ও আলোচিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় গাজীপুর সদর মেট্রো থানার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ, বিএনপি নেতা বশির আহমেদ বাচ্চু, মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, বিএনপি নেতা মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, মো. আমিনুল ইসলাম, শওকত হোসেন বাবু, বদিউজ্জামান বাবুল প্রমুখ।

বক্তারা আসাদুর রহমান কিরণকে দুর্নীতিবাজ, ভূমিদস্যু এবং গাজীপুর সিটি কর্পোরেশনের তহবিল লুণ্ঠনকারী আখ্যায়িত করে তার দ্রুত বিচার দাবি করেন। সমাবেশ শেষে বিশাল মিছিল চন্দনা চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আসাদুর রহমান কিরনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

উল্লেখ্য, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টা করছে-এ ধরনের তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে অভিযান চালায়। এ সময় কিরণকে আটক করা হয়। শার্শার রামচন্দ্রপুর গ্রামের মানবপাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করার চুক্তি করেছিলেন কিরণ। পরে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়।

বুধবার তাকে গাজীপুরে নিয়ে আসার কথা রয়েছে বলে জানা গেছে। বিনা পাসপোর্টে ভারতে যাওয়া সংক্রান্ত আইনে কিরণের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে গাজীপুর ও ঢাকার বিভিন্ন থানায় বহু মামলা রয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যার অভিযোগ রয়েছে। গাজীপুর ও রাজধানীর উত্তরা থানায় একাধিক মামলার এজাহারে তার নাম রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত