শাহজাহান ওমর গ্রেপ্তার, আদালতে জুতা নিক্ষেপ

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৫:২৫ এএম

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর নিজ বাড়ি ও গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। পরে শাহজাহান ওমরকে আদালত চত্বরে নেওয়ার সময় তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম। দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত (কাঠালিয়া) আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহীদ কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগের দিন গত বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করে। সেখান থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা ও ভাঙচুর করে। পরে গতকাল সকালে বরিশাল থেকে রাজাপুর আসার পথে পিংড়ি এলাকায় তার গাড়িতে হামলা চালানো হয়। এসব ঘটনায় রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপি নেতাকর্মীরা বাইরে থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখেন। পরে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

গত বুধবার রাতে কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী হয়ে শাহজাহান ওমরসহ ৯ জনকে আসামি করে একটি মামলা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবিনে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে বাসভবনের তিনটি গ্লাস ভেঙে যায়।

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ‘আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমিও আহত হয়েছি।’ তিনি বলেন, ‘ইচ্ছে ছিল বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কিন্তু এখন তো আমার গাড়ি নেই, কীভাবে সেখানে যাব। আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় মামলা করতে গিয়েছিলাম। তখন পুলিশ জানায়, আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না।’

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, ‘শাহজাহান ওমর বিএনপি ও সাধারণ মানুষের সঙ্গে বেইমানি করেছে। মীরজাফর শাহজাহান ওমরের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি।’

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, কাঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত