১৫ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম

টাঙ্গাইলে হত্যাসহ তিন মামলায় ১৫ দিনের রিমান্ড শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মো. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) বিকালে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মাহমুদুল মোহসীন এ আদেশ দেন। পরে আব্দুর রাজ্জাককে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালত থেকে প্রিজন ভ্যানে করে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

জানা যায়, তিনটি মামলায় আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে মোট ২১ দিন রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পরে সংশ্লিষ্ট আদালত ৫ দিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ১১ নভেম্বর আব্দুর রাজ্জাককে টাঙ্গাইল সদর থানায় স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। সেখানে পাঁচ দিন জিজ্ঞেসাবাদ শেষে ইমন হত্যা মামলায় ১৫ নভেম্বর মির্জাপুর থানায় নেওয়া হয়। সেখানে তাকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করা হয়। সর্বশেষ ২০ নভেম্বর তাকে মধুপুর থানায় নিয়ে পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

টাঙ্গাইলের পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রিমান্ডে মারুফ হত্যা, ইমন হত্যা ও মধুপুরে ছাত্র-জনতার মিছিলে হামলার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন আব্দুর রাজ্জাক। এসব মামলায় আদালতে তিনি জবানবন্দি দেবেন না বলেও পুলিশকে জানিয়েছেন।

আব্দুর রাজ্জাকের আইনজীবী টাঙ্গাইল জেলা আইনজীবী বারের সভাপতি এ কে এম শামীমুল আক্তার বলেন, আব্দুর রাজ্জাকের জামিনের জন্য তারা আবেদন করেননি। আগামী শুনানির দিন জামিনের আবেদন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত