প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত পার্থ টেস্টে সুখ সাগরে ভাসছে। প্রথম ইনিংসে ১০৪ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করার পর দ্বিতীয় দিনেই দুই ওপেনার ১৭২ রান এনে দিয়েছিলেন। ২১৮ রানের সেই লিডকে ৫৩৩ রানে বাড়িয়ে নিয়েছেন তারা। যশস্বী জয়সওয়াল তো সেঞ্চুরি করেছেনই। দুঃসময় কাটিয়ে বিরাট কোহলি রানে ফিরেছেন। ৩০তম টেস্ট সেঞ্চুরি করেছেন সাবেক অধিনায়ক। তারপর দ্বিতীয়বার খেলতে নামা অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়েছে ১২ রানে।
‘বিরাট কোহলি ফুরিয়ে গেছেন, তাকে দল থেকে বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়া উচিত’ এমন কত কথাই শোনা গেছে গত কয়েক মাসে। কোহলির সময়টা ভালো যাচ্ছিল না। ১০ ইনিংসে মাত্র একটি ফিফটি ছিল। সেই তিনি ১৪৩ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন সেঞ্চুরি। ১৬ মাস পর তার সেঞ্চুরির পরই ইনিংস ঘোষণা করে ভারত। ৭৭ রানে লোকেশ রাহুল ফিরে গেলে ভারতের উদ্বোধনী জুটি ভাঙে ২০১ রানে। তবে ৯০ রান নিয়ে খেলতে নামা জয়সওয়াল ঠিকই তুলে নেন সেঞ্চুরি। ২০৫ বলে তিন অঙ্ক ছোঁয়ার পর আরও ৯৪ বল খেলে ৬১ রান জুড়েছেন এই বাঁহাতি। ১৫ চার ৩ ছক্কায় গড়া ইনিংসটি থামে মিচেল মার্শের বলে কাট করতে গিয়ে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে। দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম চার সেঞ্চুরিকে রূপ দিয়েছেন ১৫০ প্লাস ইনিংসে। ১৭১, ২০৯ ও অপরাজিত ২১৪ রানের পর আজ ১৬১ রানের ইনিংস খেলেন ভারতীয় ওপেনার।
তার বিদায়ের পর দ্রুত কয়েকটি উইকেট হারালে ২৩১/৫-এ পরিণত হয় ভারত। সেখান থেকে ভারত এগিয়েছে মূলত কোহলির ব্যাটে ভর করেই। ষষ্ঠ উইকেটে ওয়াশিংটন সুন্দরকে (২৯) নিয়ে ৮৯ আর অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে নিতিশ রেড্ডিকে নিয়ে গড়েন ৭৭ রানের জুটি। রেড্ডি ৩৮ রানে অপরাজিত থাকেন।
কোহলি সেঞ্চুরি করে গড়েছেন বেশ কিছু রেকর্ড। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে এত দিন শচিন টেন্ডুলকারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কোহলি। এই সেঞ্চুরিতে কোহলি (৭) ছাড়িয়ে গেলেন টেন্ডুলকারকে। এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যেও অস্ট্রেলিয়ার মাটিতে কোনো একজন ব্যাটসম্যানের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এটি।
টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় এত দিন ব্র্যাডম্যানের সঙ্গেই ছিলেন কোহলি। দুজনের সেঞ্চুরিই ছিল ২৯টি করে। ৩০তম টেস্ট সেঞ্চুরিতে কোহলি ছাড়িয়ে গেছেন ব্র্যাডম্যানকে।
