নাঙ্গলকোটে যুবদলের কমিটি থেকে ১২ জনের পদত্যাগ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১২:১৭ এএম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবদলের ‘পকেট কমিটি’ বাতিল করে তৃণমূল ও কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন উপজেলা ও পৌরসভা যুবদলের নেতারা।

গতকাল বুধবার উপজেলা যুবদল কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ সাতজন ও পৌরসভা যুবদলের পাঁচজন কমিটি থেকে পদত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক ও পদত্যাগী যুগ্ম আহ্বায়ক কলিম উল্লাহ। তিনি বলেন, ত্যাগী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে এবং গঠনতন্ত্রের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ২০২৩ সালের ২২ মে উপজেলা যুবদলের একটি ‘পকেট কমিটি’ ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণার পর থেকে তারা আজ পর্যন্ত কোনো ইউনিয়ন, ওয়ার্ড ও এলাকায় যুবদলের কোনো অনুষ্ঠান করতে পারেননি। সম্মেলন ছাড়া ঘরে বসে প্যাড সর্বস্ব অত্র উপজেলার কিছু ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। তাই এ কমিটি বাতিলের জোর দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা এস এম নাছির উদ্দিন, আলাউদ্দিন মাহমুদ, জসিম উদ্দিন, আশ্রাফুল আলম উজ্জ¦ল, সেলিম জাহাঙ্গীর মন্টু, সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ। বক্তারা, তদন্ত কমিটি গঠন করে এবং মাঠপর্যায়ের জনপ্রিয়তা যাচাই করে ত্যাগী কর্মীদের দিয়ে উপজেলা যুবদলের কমিটি দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, ‘নাঙ্গলকোট উপজেলা যুবদল কমিটি জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের সব প্রোগ্রামগুলো সক্রিয়ভাবে পালন করছেন। এটা যদি পকেট কমিটি হয়, এতদিন কেন তারা অভিযোগ দিল না? আজকে দলীয় কোন্দলের কারণে এইসব হচ্ছে। তার পরও কমিটির বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের লিখিত অভিযোগ দিলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত