কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের বড়ভিটার চর এলাকায় ইলেকট্রিক শক মেশিন দিয়ে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করেছে নৌবন্দর থানা পুলিশ। গতকাল সোমবার সকালে আটক জেলেদের চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটকরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মিলন চন্দ্র দাশ (৪১), নয়ন চন্দ্র দাশ (৩২), মিলন মিয়া (৩৫), আবু বকর সিদ্দিক (২৪), সাদ্দাম (৩০) ও ফুলবাড়ী উপজেলার চন্দন কুমার বিশ্বাস (৩২)।
এর আগে গত রবিবার রাতে অভিযান চালিয়ে ইলেকট্রিক শক মেশিন দিয়ে মাছ ধরার সময় ওই ছয় জেলেকে আটক করে। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত দুটি মেশিনও জব্দ করা হয়।
চিলমারী মডেল থানার ওসি নাজমুস সাকিব সজীব গতকাল জানান, আটক ছয় জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন।
