সামনের নির্বাচন এত সহজ হবে না : তারেক রহমান

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ এএম

আগের যেকোনো নির্বাচনের চেয়ে সামনের নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীদের জনগণের কাছে থাকার ও জনগণকে কাছে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘দিন যত যাচ্ছে, তত বোঝা যাচ্ছে সামনের নির্বাচন এত সহজ হবে না। নির্বাচন অনেক কঠিন হবে। আমার কাছে মনে হচ্ছে, সামনের যে নির্বাচন আমরা ফেস (মোকাবিলা) করতে যাচ্ছি, হতে পারে আমাদের একটি প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরও এ নির্বাচন বাংলাদেশের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে।’ গতকাল সোমবার খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফাবিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

কর্মশালায় বিএনপির খুলনা ও ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীরা অংশ নেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘২০ বছর আগে যখন মানুষ কম-বেশি নির্ভয়ে ভোট দিতে পারতেন, যখন ২০০১ সালের নির্বাচন ধরেন, সেই সময় থেকে মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে। মানুষের ধ্যানধারণার পরিবর্তন হয়েছে। মানুষ এখন অনেক অনেক সচেতন।’

সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘গত কিছুদিন সমাজের কিছু ব্যক্তি সংস্কারের কথা বলছেন। পাঁচ মাস আগেও তারা বলেননি। কিন্তু বিএনপি দুই বছর আগে থেকে সংস্কারের কথা বলছে। বিএনপি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে। ৩১ দফা তারই প্রমাণ। তারা গত তিন-চার মাস সংস্কারের যে কথা বলছে, তার সবকিছুই ৩১ দফার মধ্যে রয়েছে। এই ৩১ দফা শুধু বিএনপির তাই নয়, বাংলাদেশের গণতান্ত্রিক সব দলের।’

জনগণের প্রতি আস্থা বৃদ্ধির আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘৩১ দফা সফল করতে যেকোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে হবে। দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে। কীভাবে জনগণকে পাশে রাখবেন। সবকিছুর লক্ষ্য হচ্ছে, জনগণের সমর্থন আমাদের পক্ষে আনার। একই সঙ্গে আমাদের পরিকল্পনা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। ৩১ দফার সবকিছু জনগণের মধ্যে নিয়ে যেতে হবে। জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিদ্য ইসলাম অমিতদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কু-ু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত