প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এইচ ই গ্যাব্রিয়েল সিসতিয়াগা ওচা ডি চিনচেত্রু। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। কুশল বিনিময়ের পাশাপাশি তারা বাংলাদেশ ও স্পেনের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধান বিচারপতি স্পেনের রাষ্ট্রদূতের উদ্দেশে বলেন, বিপ্লবোত্তর বাংলাদেশের বিচার বিভাগ দেশে মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর।
গতকাল সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্পেনের রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে বাংলাদেশের প্রধান বিচারপতি কর্র্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া তিনি (স্পেনের রাষ্ট্রদূত) দেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে তার দেশ বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত মর্মে প্রধান বিচারপতিকে অবহিত করেন।
