বন্ধুরা মিলে আগেই পরিকল্পনা করেছিলেন একদিন সকালে খেজুরের রস খেতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী বন্ধুরা মিলে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন। কিন্তু সেই রস খাওয়া আর হলো না। সড়কেই প্রাণ গেল স্কুল শিক্ষার্থী সাব্বির আহমেদের। বুধবার (৪ ডিসেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা- সাইটালিয়া আঞ্চলিক সড়কের মন্ডলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র সাব্বির আহমেদ টেংরা বেকাশহরা গ্রামের সোহেল রানার ছেলে।নিহত সাব্বির পাশের টেংরা আলহাজ নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ সময় অপর আরোহী আদিল মিয়াও গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হালকা কুয়াশাতে টেংরা সাইটেলিয়া আঞ্চলিক সড়কে দুদিক থেকেই দ্রুত গতিতে দুটি মোটর সাইকেল আসছিল। পরে মন্ডল বাড়ি এলাকায় পৌঁছালে দুটি মোটারসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটারসাইকেলের সবাই সড়কে ছিটকে পড়েন। এতে সাব্বির নামে এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাদের সাথে হাসপাতালে যায়।
নিহতের মামা বাদল মিয়া জানান, সাব্বির আহমেদ সকালে তার অপর বন্ধু আদিলকে নিয়ে খেজুরের রস খাওয়ার জন্য মোটরসাইকেল করে সাইটালিয়া গ্রামে যাচ্ছিল। এ সময় সড়কের টেংরা বাজারের উত্তর দিকে মন্ডল বাড়ির কাছে পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সাব্বির হোসেনসহ সঙ্গে থাকা অপর বন্ধু গুরুতর আহত হন। পরে তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে সাব্বিরের মৃত্যু হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মন্ডল বলেন,মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে শুনেছি। খোঁজ নিয়ে আরও বিস্তারিত বলতে পারব।
প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপিসহ ৮ দলের প্রতিনিধিরা