সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ যুবক কারাগারে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ এএম

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম আকাশ দাস। গত মঙ্গলবার রাতে উপজেলার মোংলার গাঁও গ্রাম থেকে আটক করা হয় তাকে।

জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে কোরআন শরিফ অবমাননার একটি পোস্ট দেওয়ার অভিযোগ উঠে আকাশ দাসের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। অনেকেই আকাশ দাসের শাস্তি দাবিতে দোয়ারাবাজার স্কুলমাঠে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে দোয়ারাবাজার পয়েন্টে অবস্থান নেন। তারা হিন্দু সম্প্রদায়ের লোকজনের ঘরবাড়িতে হামলার প্রস্তুতি নেন। খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর একটি দল সেখানে যায়। এরপর এলাকার লোকজনের দেওয়া তথ্যে আকাশ দাসকে আটকের পর পরিস্থিতি শান্ত হয়। তারপর ওই যুবককে সেনাসদস্যরা দোয়ারাবাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আকাশকে গতকাল বুধবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠায়।

এদিকে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে মোংলার গাঁও গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া পুলিশ ও সেনাসদস্যদের উপস্থিতিতে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকার লোকজনকে নিয়ে উপজেলা প্রশাসনের হলরুমে গতকাল সম্প্রতি সমাবেশ হয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ভাঙচুর বা হামলার কোনো তথ্য নেই আমাদের কাছে।’

গাজীপুরে কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন : কোরআন শরিফ অবমাননার অভিযোগে তার প্রতিবাদে গাজীপুরে গতকাল মানববন্ধন হয়েছে ‘তৌহিদী জনতা’র ব্যানারে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে সকালে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে গত ২৮ নভেম্বর কোরআন শরিফ অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে গাজীপুরে শুভ সরকার (১৮) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন গাজীপুর প্রতিনিধি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত