বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দক্ষিণ ভারতের কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তিনি এক সমাবেশে বহিষ্কৃত বিজেপি নেতা ঈশ্বরাপ্পা ওই বক্তব্য দেন।
পুলিশ জানায়, বাংলাদেশে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে হিন্দু হিতরক্ষা সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল যৌথভাবে ওই সমাবেশ আয়োজন করে। সমাবেশের পর কংগ্রেসশাসিত রাজ্য কর্ণাটকের শিবমোগা জেলার কোটে থানায় বৃহস্পতিবার স্বপ্রণোদিত হয়ে এ মামলা করা হয়।
কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে তিন সপ্তাহ আগে আরেকটি মামলা করা হয়েছিল। ওয়াকফ আইন নিয়ে কর্ণাটকের কংগ্রেস সরকারের প্রতি উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে গত ১৬ নভেম্বর এ মামলা করা হয়েছিল। এ বছরের শুরুর দিকে শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় ঈশ্বরাপ্পাকে ছয় বছরের জন্য বহিষ্কার করে বিজেপি।
ত্রিপুরায় বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য নিষেধাজ্ঞা শিথিল : এদিকে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন চিকিৎসা ভিসাধারী বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে। এখন থেকে বাংলাদেশিরা ত্রিপুরা রাজ্যে আবাসন ও অন্যান্য পরিষেবা পেতে কোনো বাধার মুখোমুখি হবেন না।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানায়, বাংলাদেশি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে ব্যাপক প্রতিক্রিয়ার পর গত বৃহস্পতিবার এক ঘোষণায় এ পরিবর্তন আনা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক সৈকত বন্দ্যোপাধ্যায় বলেছেন, চিকিৎসা ভিসায় আসা বাংলাদেশি ভ্রমণকারীদের সব ধরনের পরিষেবা দেওয়া হবে। আর বাংলাদেশি অতিথিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
এর আগে, ২ ডিসেম্বর ত্রিপুরার হোটেল মালিকদের এ সমিতি জানায়, প্রতিবেশী দেশে (বাংলাদেশ) ভারতের জাতীয় পতাকা অবমাননার ঘটনার প্রতিবাদে তাদের সদস্যরা বাংলাদেশি নাগরিকদের সেবা বন্ধ রাখবে।
ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তার আগের দিন অভিযোগ করেন, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় আগরতলা থেকে কলকাতাগামী একটি বাসে হামলার ঘটনা ঘটেছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিশ^রোড এলাকায় আগরতলা থেকে যাত্রী নিয়ে কলকাতাগামী একটি বাসে হামলার খবর পেয়েছি। আমরা এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের চেষ্টা করছি।
