নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সবার আগে দরকার ভয় মুক্ত পরিবেশ তৈরি করা। এত বড় অভ্যুত্থানের পর আমরা কারও চাঁদাবাজি, দখলদারিত্ব ও গুন্ডামি দেখতে চাই না। আমরা একটা ভালো ভোট চাই। পুলিশ, আমলা ও ভূমি অফিসগুলো সংস্কার এবং দুর্নীতিমুক্ত চাই। দ্রব্যমূল্য কমাতে সরকারকে উদ্যোগ নিতে হবে।
গতকাল শনিবার দুপুরে নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে খুলনা মহানগর ও জেলা নাগরিক ঐক্যের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মান্না। সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা মহানগর নাগরিক ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট ড. জাকির হোসেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে আমরা ভালো সম্পর্ক চাই। কিন্তু বাংলাদেশ ভারতের পা চেটে চলবে না। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ।’
