মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আনতে অন্তত এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, দেশের বেশকিছু ব্যাংক তারল্য সংকটে ভুগছে। এদের সম্পদ পর্যালোচনা কার্যক্রম শিগগিরই শুরু করা হবে।
দেশে এলসি খুলতে কোনো জটিলতা নেই উল্লেখ করে গভর্নর বলেন, গত চার মাসে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী কর্মীরা, যা অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি সম্পর্কে আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে অন্তত এক বছর সময় লাগবে। আসছে জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামবে। আর আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে।
আলু-পেঁয়াজের দাম প্রসঙ্গে তিনি বলেন, গত আগস্ট-সেপ্টেম্বর মাসে বন্যার কারণে সময়মতো আলু ও পেঁয়াজ উৎপাদন করা যায়নি। এ কারণে দামটা বেশি।
