বেশি মায়া লাগলে হাসিনাকে ভারতের কোনও প্রদেশের মুখ্যমন্ত্রী করুন: দুলু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ পিএম

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি সাহেবের অনেক দরদ। একজন গণহত্যাকারী পতিত স্বৈর শাসকের জন্য নরেদ্র মোদি সাহেবের এত দরদ লাগলে তাকে ভারতের কোনও প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক। তাতে আর কিছু না হলেও দিনের ভোট কিভাবে রাতে করতে হয়, ভোটার ছাড়াই কিভাবে নির্বাচন করে জিততে হয় শেখ হাসিনা সেসব নরেদ্র মোদি সাহেবকে শিখিয়ে দিতে পারবেন।

আজ শুক্রবার বিকেলে নাটোরের কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী শাহ-এর সভাপতিত্বে স্থানীয় চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি একথা বলেন।

দুলু বলেন, শেখ হাসিনা ও তার দলের নেতারা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যহত রেখেছে। নানা মিথ্যা প্রচারণা করে দেশকে তারা ছোট করছে। সেই সুযোগ নিয়ে ভারত সরকার ও সেখানকার উগ্রবাদীরা হাসিনার পতনে মর্মাহত হয়ে তারাও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের সব ধর্মের মানুষের চিরদিনের সুসর্ম্পক নষ্টের পাঁয়তারা করছে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল ব্যাপারী, কাফুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত