ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেন দুটি সরাসরি লালমনিরহাটের বুড়িমারী থেকে চালুর দাবিতে লালমনিহাটের হাতীবান্ধায় রেল ও সড়কপথ অবরোধ করেছেন স্থানীয় জনগণ।
গতকাল মঙ্গলবার বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কমিউটার ট্রেনটি দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাতীবান্ধা রেলস্টেশনে আটকে রাখেন আন্দোলনকারীরা। একই সময় তারা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতিবান্ধা বাজার এলাকায় সড়ক অবরোধ কর্মসূচিও পালন করেন।
সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের ব্যানারে অবরোধ কর্মসূচিতে শওকত হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সাইদুজ্জামান কোয়েল, ফারুক হোসেন নিশাত, ফিরোজ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মেহেদী হাসান মহসীন, তাওহীদ, রুবায়েদ খন্দকার প্রান্ত, প্রমুখ।
