এসবিপ্রধানসহ ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ এএম

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন একজন অতিরিক্ত আইজিপি, দুজন ডিআইজি, একজন পুলিশ সুপার, তিনজন উপপুলিশ কমিশনার, চারজন অতিরিক্ত উপকমিশনার ও ছয়জন সহকারী পুলিশ কমিশনার। তাদের পুলিশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চারজনকে বদলি করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ডিএমপির পৃথক আদেশে ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়।

এতে এসবিপ্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ), ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. গোলাম রসুলকে এসবিতে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

এদিকে মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক আদেশে ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়। পরে বুধবার ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, ডিএমপি কমিশনারের পৃথক তিনটি আদেশে উপপুলিশ কমিশনার পদমর্যাদার তিন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার চার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকতাকে বদলি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত