রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই কিশোরের নাম প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। তবে নিখোঁজ প্রিয়ন্ত দাশ শাওনের মাসতুতো ভাই।
নিখোঁজ ওই দুই তরুণের বন্ধু সালমান আহমেদ জানায়, তারা ৯ জন একসঙ্গে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে আসে। তারা কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে চারজন নদীতে গোসলে নামে। এরপর দুজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। তাদের উদ্ধারে ঘটনাস্থলে যান কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্য ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা।
কাপ্তাই থানার ওসি মো. মাসুদ জানান, নিখোঁজ দুই যুবককে উদ্ধারে কাজ চলছে।
