বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দুদিনের পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে কয়েকশ প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা রঙ-বেরঙের ফেস্টুন এবং প্ল্যাকার্ড নিয়ে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। আজ বাগেরহাট স্টেডিয়ামে গুণী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে দুদিনের পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হবে।
১৯১৮ সালে প্রতিষ্ঠিত বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষাটের দশকের শিক্ষার্থী জোসনা দেবনাথ বলেন, ‘ক্লাস থ্রিতে এই স্কুলে ভর্তি হই। পাকিস্তান আমলে আমি এই স্কুল থেকে মাধ্যমিক পাস করি। স্কুল মানে আবেগ ও ভালোবাসার জায়গা। দীর্ঘদিন পর আজ এই স্কুলে এলাম। তাই বেশ ভালো লাগছে।’
