কাজাখস্তানে বিধ্বস্ত বাকুর ফ্লাইট বহু হতাহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ এএম

আজারবাইজানের রাজধানী বাকু থেকে ৭২ জন আরোহী নিয়ে চেচনিয়ার গ্রজনিতে যাওয়ার পথে কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে আজারবাইজান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। কাজাখস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল বুধবার আকতাউ শহরের কাছে এ ঘটনার পর জরুরি সেবা বিভাগের কর্মীরা ৩২ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও বহু মানুষ হতাহতের শঙ্কা তৈরি হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ৬৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন ওই এমব্রায়ার-১৯০ উড়োজাহাজে। সেটি মাটিতে আছড়ে পড়ার পর বিস্ফোরণে অগ্নিগোলক তৈরি হয় এবং কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। কাজাখস্তানের জরুরি সেবা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন এবং দুই শিশুসহ বেঁচে যাওয়া আরোহীদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বিবিসি লিখেছে, ওই ফ্লাইটের যাত্রীদের বেশিরভাগই আজারবাইজানের নাগরিক। এ ছাড়া রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তানের যাত্রীও ছিলেন।

আজারবাইজান এয়ারলাইনস জানিয়েছে, ফ্লাইট জে২-৮২৪৩ বাকু থেকে চেচনিয়ার রাজধানী গ্রজনিতে যাচ্ছিল। কিন্তু কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের তিন কিলোমিটার দূরে সেটি জরুরি অবতরণের চেষ্টা করেছিল।

রাশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, কুয়াশার কারণে যাত্রাপথ পরিবর্তন করেছিল উড়োজাহাজটি। পরে আকতাউ বিমানবন্দরের কাছে সেটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটি ঠিক কী ধরনের সমস্যায় পড়েছিল, তা এখনো স্পষ্ট নয়। কাজাখ কর্র্তৃপক্ষ বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এমব্রায়ারও তদন্তে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

রাশিয়ার অ্যাভিয়েশন কর্র্তৃপক্ষ বলেছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে তাদের ধারণা হয়েছে, পাখির সঙ্গে ধাক্কা লাগার পর পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত