মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ এএম

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক ইউপি সদস্য, তার ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাঁশগাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আক্তার শিকদার (৪৮), তার ছেলে মারুফ সিকদার (২৫) ও একই এলাকার রশিদ চৌকিদারের ছেলে সিরাজুল ইসলাম (৩৫)। সিরাজ ইউপি সদস্যের সমর্থক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনির বাঁশগাড়ী ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে আক্তার শিকদারের বিরোধ চলছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর এলাকা ছাড়েন আক্তার। অবস্থা বুঝে চার মাসেরও বেশি সময় পর আক্তার এলাকায় ফিরে সকালে দুই শতাধিক লোক নিয়ে প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালান। এতে ফকির বংশের লোকজন একত্রিত হয়ে পাল্টা হামলা করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আক্তার শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে আহত হন আক্তার শিকদারের ছেলে মারুফসহ অন্তত ১৫ জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফ ও সিরাজের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি হুমায়ুন কবীর।

বাঁশগাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, আক্তার মেম্বারের নামে ৩৫টি মামলা রয়েছে।

এর মধ্যে পাঁচটি হত্যা মামলা। সরকার পতনের পর এলাকা থেকে চলে যান তিনি। শুক্রবার আবার নতুন করে দলবল নিয়ে এলাকায় প্রবেশ করার চেষ্টা করেন। মধ্যেরচর এলাকার লোকজন তাদের প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ বাধে। বোমা বিস্ফোরণে আক্তার, তার ছেলের ও এক সমর্থকের মৃত্যুর সংবাদ পেয়েছি। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত