দেশীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিনের জাহাজ চলবে সংযুক্ত আরব আমিরাতে। ওয়েস্টার্ন মেরিনের শিপইয়ার্ডে নির্মিত ‘রায়ান’ নামের জাহাজটি নতুন বছর থেকে চলবে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে। শুধু এটাই নয়, নতুন বছরে আরও ১০টি জাহাজ রপ্তানি করবে প্রতিষ্ঠানটি। আরব আমিরাতের মারওয়ানা শিপিংয়ের জন্য ৬৯ মিটার দীর্ঘ বিশেষায়িত জাহাজটি তৈরি করা হয়েছে। বর্তমানে সুসজ্জিত নতুন জাহাজটি পতেঙ্গা বোট ক্লাবের পাশে রাখা হয়েছে। ২০২০ সালের পর এটিই ওয়েস্টার্ন মেরিনের প্রথম জাহাজ রপ্তানি। গতকাল শনিবার বোট ক্লাবের ঘাটে ওয়েস্টার্ন মেরিনের ক্রুজে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান বলেন, ২০২০ সালে আমরা একটি জাহাজ ভারতে রপ্তানি করেছি। এরপর কভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দায় জাহাজ বিক্রি বন্ধ ছিল। পরে ২০২৩ সালে আরব আমিরাতের কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে অর্ডার পাওয়া যায়। এর মধ্যে মারওয়ানা শিপিংয়ের কাছে আটটি জাহাজ রপ্তানি করতে যাচ্ছি।
বাকি জাহাজগুলো কখন রপ্তানি করা হবে, জানতে চাইলে তিনি বলেন, চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারিতে ‘রায়ান’ নামের ৬৯ মিটার ল্যান্ডিং ক্রাফট এবং এপ্রিলে ‘খালিদ’ ও ‘যায়া’ নামে দুটি টাগবোট রপ্তানি করা হবে। বাকি পাঁচটি জাহাজ ওই বছরের বিভিন্ন সময়ে হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী, ওয়েস্টার্ন মেরিনের জিএম (অর্থ) আবুল মনসুর, শাহেদুল বাশার প্রমুখ।
