পুলিশ ক্রান্তিকাল অতিবাহিত করছে: আইজিপি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:২১ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ একটি ক্রান্তিকাল অতিবাহিত করছে। বাংলাদেশ পুলিশের ইতিহাসে এমন অবস্থায় আর কখনো পড়তে হয়নি। শনিবার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আইজিপি বাহারুল আলম এ কথা বলেন।

তিনি বলেন, আগস্ট বিপ্লব-পূর্ব ও বিপ্লবোত্তর পুলিশের মধ্যে বিস্তর ব্যবধান। বিপ্লব-পূর্ব সময়ে পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। ফলে পুলিশকে জনরোষের শিকার হতে হয়েছে। পুলিশের নেতৃত্বস্তর ভেঙে পড়েছিল, জনআস্থা থেকে ছিটকে পড়েছিল পুলিশ।

আইজিপি বলেন, এখন চ্যালেঞ্জ হচ্ছে পুলিশকে সুসংগঠিত করা, জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলা, আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনো জনবিরোধী অবস্থানে ফিরে যেতে না পারে সেই লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্যম, আগ্রহ আর নিষ্ঠা নিয়ে আমরা পুলিশকে সংগঠিত করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আইজিপি  বলেন, জাতীয় জীবনে গর্ব করার মত অবদান আছে পুলিশের। এ বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ পাক হানাদারদের আক্রমণ রুখে দিয়ে গড়ে তুলেছিল সশস্ত্র প্রতিরোধ। আমরা সে বাহিনীর উত্তরসূরি।

পুলিশ প্রধান বলেন, জুলাই বিপ্লব পরবর্তী পুলিশের পুনর্গঠনের পবিত্র দায়িত্ব আমার ওপর বর্তেছে। আমি আশা করি পুলিশ পুনর্গঠনের এ চ্যালেঞ্জিং সময়ে অবসরপ্রাপ্ত সকল পুলিশ সদস্য আমাকে সহায়তা করবেন।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি এম আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ইয়াসমিন গফুর। অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত